তাপমাত্রা বাড়ার আভাস দিলো আবহাওয়া অফিস!

সাতমাথা ডেস্ক:
    সময় : সোমবার, মে ১৩, ২০২৪, ৬:৫৭ পূর্বাহ্ণ
  • ৩৮৬ Time View

কয়েকদিন বৃষ্টির পর আবারো তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। জানিয়েছেন, আজ সোমবার গরম আরো বাড়বে। দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হতে পারে।

টানা ৩৭ দিন দেশে তাপপ্রবাহ বয়ে যায়। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। হিট স্ট্রোকে মারা গেছেন অনেকে। তবে নতুন করে তাপপ্রবাহ শুরু হলে তা আগের মতো বিস্তৃত এবং অতি তীব্র হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসমূহের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবারও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি. মি. বেগে দমকা বা ঝোড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com