বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
    সময় : শনিবার, আগস্ট ৮, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
  • ১১৯ Time View

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বগুড়া আঞ্চলিক কেন্দ্রে জুলাই যোদ্ধাদের স্মরণে বাউবি’র সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৭ আগস্ট শুক্রবার সকাল ১০ টা হতে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এর উপস্থিতিতে প্রায় ৩০০ জন শিক্ষার্থীকে চিকিৎসা পরামর্শ দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা: মো: আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, “এবারের বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির ১.০১ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। জনবল সংকট মোকাবিলায় ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ এবং সারাদেশে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা চালুর জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ জনস্বাস্থ্যের প্রতি সরকারের আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন।”

তিনি আরও বলেন; “হৃদরোগ, ক্যানসার, ডায়াবেটিস ও কিডনি রোগসহ অসংক্রামক রোগের চিকিৎসা ব্যয় কমাতে স্টেন্ট, চোখের লেন্স ও ডায়ালাইসিস-সংশ্লিষ্ট চিকিৎসা উপকরণের ওপর কর ও শুল্ক কমানোর সিদ্ধান্ত অত্যন্ত জনবান্ধব। বিশেষ করে স্টেন্টের মূল্য কমায় হৃদরোগের চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হয়েছে।” তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং আঞ্চলিক কেন্দ্র বগুড়াকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাউবি বগুড়া আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো: আনিছুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: জহুরুল হক। সভাপতির বক্তব্যে আঞ্চলিক পরিচালক বলেন, “বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারম্যান মরহুম বেগম খালেদা জিয়া’র শাসনামলে তার হাতে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; যা বাংলাদেশের পশ্চাদপদ, ঝড়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠীর জন্য আশির্বাদস্বরুপ। প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য দেশের প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌছে দিয়ে নিরক্ষরতা ও দারিদ্রতা দূর করা।” তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করায় প্রধান অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

এছাড়াও, ফ্রি মেডিকেল ক্যাম্পে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি সন্ধানী ও রক্তস্পন্দন নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com