চীনের ‘শাদিয়ান গ্র্যান্ড মসজিদ’ থেকে গম্বুজ উধাও!

সাতমাথা ডেস্ক:
    সময় : রবিবার, মে ২৬, ২০২৪, ১:০৪ অপরাহ্ণ
  • ৩৭০ Time View

আরব-শৈলীর বৈশিষ্ট্যসম্পন্ন চীনের শেষ বড় মসজিদটি থেকে উধাও হয়ে গেছে তার গম্বুজ এবং এর মিনারগুলিতে আমূল পরিবর্তন করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ছোট্ট শহর শাদিয়ান। সেখানেই অবস্থিত শাদিয়ান গ্র্যান্ড মসজিদ। এই মসজিদটি সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ। আরব অবকাঠামোতে তৈরি মসজিদটি বিশাল আকৃতির গম্বুজ ও মিনার দিয়ে তৈরি হয়েছিল। কিন্তু কালের বিবর্তনে এখন সেই পুরোনো শৈলী আর নেই। একে একে মসজিদটির গম্বুজ সরিয়ে রূপরেখা পাল্টে দিয়েছে চীন সরকার। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যদিয়ে সংখ্যালঘু মুসলিমদের উপাসনালয়গুলোকে চীনারূপ দেবার সরকারি অভিযান সম্পন্ন হলো। গত বছর পর্যন্তও ২১ হাজার বর্গমিটার আয়তনের মসজিদ ভবনটির ওপর সবুজ গম্বুজ শোভা পাচ্ছিল।

এর চূড়ায় ছিল একটি অর্ধচন্দ্র আর চারপাশে উঁচু মিনার সজ্জিত চারটি ছোট গম্বুজ। ২০২২ সালের স্যাটেলাইট চিত্রেও দেখা যায়, মসজিদের প্রবেশপথটি উজ্জ্বল কালো টাইলসের তৈরি একটি বড় অর্ধচন্দ্র ও তারকা দিয়ে সজ্জিত। অথচ এ বছরের স্যাটেলাইট চিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণে দেখা যায়, মসজিদের গম্বুজটি সরানো হয়েছে এবং হান চীনা স্টাইলের প্যাগোডার ছাদ দিয়ে তা প্রতিস্থাপন করা হয়েছে।

মিনারগুলো ছোট করে প্যাগোডা টাওয়ারে রূপান্তরিত করা হয়েছে। কেবল অর্ধচন্দ্র এবং তারা টাইলসের একটি ক্ষীণ চিহ্ন দৃশ্যমান রয়েছে, যা একসময় মসজিদের সামনের ছাদকে চিহ্নিত করেছিল। শাদিয়ান থেকে ১০০ মাইলের কম দূরত্বে অবস্থিত ইউনানের আরেক ঐতিহাসিক মসজিদ নাজিয়াং-এও সম্প্রতি সংস্কারের মাধ্যমে ইসলামিক বৈশিষ্ট্যগুলো সরিয়ে ফেলা হয়েছে। ২০১৮ সালে চীন সরকার ‘ইসলামের সিনিফিকেশন’ নিয়ে পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা প্রকাশ করে। পরিকল্পনার একটি অংশ ছিল ‘বিদেশি স্থাপত্যশৈলী’ সরিয়ে ফেলা এবং ইসলামী স্থাপত্যগুলো চীনা বৈশিষ্ট্যে পূর্ণ করা। চীনা কমিউনিস্ট পার্টির ফাঁস হওয়া একটি মেমোতে দেখা গেছে, স্থানীয় কর্তৃপক্ষকে ‘বিদেশি স্থাপত্য ভেঙে ফেলার এবং কম নির্মাণের নীতি মেনে চলার’ নির্দেশ দেওয়া হয়েছিল। চীনের প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাসের শিক্ষক ও ইতিহাসবিদ হান্নাহ থেকার বলেন, মসজিদ সিনিফিকেশন অভিযান ধীরে ধীরে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে । বেইজিংয়ের অন্যতম দূরবর্তী প্রদেশ ইউনানে সর্বশেষ এই অভিযান চালানো হয়েছে। নিউ ইয়র্কভিত্তিক চীনা হুই কর্মী মা জু বলেন, চীনা সরকারের এই সংস্কার ‘ধর্ম ও জাতিসত্তা ধ্বংস করার একটি স্পষ্ট বার্তা’। মসজিদগুলোর পুনর্নির্মাণের বিরোধিতাকারী আরও একজন হুই মুসলিম বলেন, ‘শাদিয়ান মসজিদ শুধু শাদিয়ান নয়, সব মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা বড় ক্ষতি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com