বগুড়ার সারিয়াকান্দিতে গ্রাহকদের টাকা নিয়ে উধাও সাধনা ফাউন্ডেশন নামের একটি ভুঁইফোড় এনজিও। মাসিক ও বাৎসরিক কিস্তিতে ঋণ দেয়ার প্রলোভনে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। ক্ষুদ্র পুঁজি হারিয়ে এখন দিশেহারা ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।
সহজেই মিলবে ঋণ, জমা দিতে হবে না তেমন কোনো কাগজপত্র। এমন প্রলোভনেই সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের মানুষকে টার্গেট করেছিল সাধনা ফাউন্ডেশন ও ঋণদান নামের একটি এনজিও। মাসিক ও বাৎসরিক কিস্তিতে কেউ ৫০হাজার আবার কেউ ১ লাখ টাকা ঋণ নেয়ার আশায় আগাম কেউ ৫, ৮ ও ১০ হাজার টাকা জমা রেখেছিল ওই এনজিওতে। এভাবে শতাধিক মানুষের কয়েক লাখ টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগীরা জানান, সঞ্চয় জমা হিসেবে জমা হয়েছিলো কারো ১০ হাজার টাকা, আবার কেউ ২০ হাজার টাকা সঞ্চয় হিসেবে জমা দিয়েছিল।
এভাবে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এনজিওটির ভাড়া বাসার মূল ফটকের ব্যানারে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং Govt Rag 5-3453-8267114 C-43740114 Social Service Society সাধনা ফাউন্ডেশন নামে উল্লেখ রয়েছে। আমতলী দক্ষিণ পাড়া এলাকায় অবস্থিত টিপু সুলতানের ছেলে মহিউদ্দিন সজিবের বাসা। সেখানে গড়ে তুলেছিলেন ভুঁইফোড় এনজিও। এনজিও সংস্থার কেউ নেই। অফিসে তালা ঝুলছে।কর্মীদের মোবাইল নম্বরও বন্ধ। অনেকেই প্রশ্ন তুলেছেন সজিব নামে বাড়িওয়ালা তথ্য ছাড়াই কি ভাড়া দিয়েছেন?
জনপ্রতিনিধিরা বলছেন, নিবন্ধনহীন এসব এনজিওর মূল টার্গেট প্রত্যন্ত এলাকার মানুষ। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম বলেন, কয়েকমাস আগে এখানে এসেছি, আমার জানামতে সাধনা ফাউন্ডেশন নামে কাউকে রেজিষ্ট্রেশন দেওয়া হয়নি। পরে অফিসের রেজিষ্ট্রেশন বুকে খোঁজ করে সাধনা ফাউন্ডেশন নামে কোন নামই পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবি করেন।
Leave a Reply