ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা

সাতমাথা ডেস্ক:
    সময় : শনিবার, জুন ৮, ২০২৪, ৬:২৩ পূর্বাহ্ণ
  • ৩১২ Time View
প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন।

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পর এবার প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। এ ঘটনায়ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রেপ্তার ব্যক্তি ফ্রেডিরিকসেনের দিকে হেঁটে আসেন এবং তাঁর গায়ে আঘাত করেন।

এ ঘটনায় ফ্রেডিরিকসেন হতবাক হয়ে পড়েছেন বলে তাঁর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়। ফ্রেডিরিকসেনের ওপর এমন সময় হামলার এই ঘটনা ঘটল, যার দুই দিনের মাথায় দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন।

এই ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেন।

কেন প্রধানমন্ত্রী ফ্রেডিরিকসেনের ওপর এই হামলার ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তারা তাৎক্ষণিক এর চেয়ে বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে। ঘটনাস্থলে কর্মরত এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনার পরপরই সেখান থেকে প্রধানমন্ত্রীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ডেনমার্কের টিভি২-এর খবরে বলা হয়, এই হামলার শিকার হওয়ার আগে ফ্রেডিরিকসেন ইইউ নির্বাচনে তাঁর দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন।

দেশটির চলমান জোট সরকারের মধ্যে সবচেয়ে বড় দল হিসেবে রয়েছে ফ্রেডিরিকসেনের দল। এখন পর্যন্ত এই দলই নির্বাচনে নেতৃত্ব দিয়ে আসছে। তবে গত কয়েক মাস ধরে দলটির জনসমর্থন অনেকটা কমতির দিকে।

প্রসঙ্গত, গত ১৫ মে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছিল। গুরুতর আহত অবস্থা থেকে তিনি বেঁচে ফিরলেও, তাঁকে বেশ কিছু অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com