গোপালগঞ্জে বেনজীরের সাভানা ইকো পার্ক বন্ধ ঘোষণা

সাতমাথা ডেস্ক:
    সময় : মঙ্গলবার, জুন ৪, ২০২৪, ৮:৫৯ পূর্বাহ্ণ
  • ৩৩১ Time View

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের  আলোচিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পার্কের সার্ভারের সমস্যার কারণে দর্শনার্থীদের ভিতরে প্রবেশ করানো যাচ্ছে না। সে কারণে আপাতত পার্ক বন্ধ থাকবে বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সোমবার বিকালে ওই পার্কে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের এ বিষয়ে জানানো হয়।

সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের বুকিং ম্যানেজার মো. সাব্বির সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধের বিষয় নিশ্চিত করেছেন। এর ফলে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে মঙ্গলবার থেকে কোনো দর্শনার্থী যেতে পারবেন না।

জানাগেছে, ২০১৫ থেকে ২০২০ সালে র‌্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে থেকে ২০২২ পর্যন্ত আইজিপি থাকাকালীন সময়ে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ (দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী)  বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক।

এ পার্কের সব জমি হিন্দু সম্প্রদায়ের বলে জানা গেছে। ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে জমি কেনা হলেও দখল করা হয়েছে অনেক জমি। যদিও এ নিয়ে ভিন্নমত রয়েছে স্থানীয় কারো কারো।

এদিকে জমি দখলের বিষয়টি গণমধ্যে প্রচার হলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। পরে আদালত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কসহ বিভিন্ন স্থাপনা ক্রোকের নির্দেশ দেয়। এরপর বিভিন্ন সময়ে রাতের আধারে ট্রাকে করে মালামাল সরিয়ে নেয়া হয় বলে এলাকাবাসি জানায়।

এ বিষয়ে গণমাধ্যমে এলাকাবাসী বক্তব্য দিলে পার্ক কর্তৃপক্ষ পুলিশে খবর  দেয়। ওই এলাকার কয়েকজন যুবককে মারপিট করে বলে অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

পুলিশের বক্তব্য ওই এলাকায় জুয়া খেলা হচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দৌড়ানি দেয়। পরে পার্কের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা দিলেও সোমবার থেকে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের বুকিং ম্যানেজার মো. সাব্বির জানান, আপাতত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পার্কের সার্ভারের সমস্যার কারণে দর্শনার্থীদের ভিতরে প্রবেশ করানো যাচ্ছে না। এজন্য কয়েক দিনের জন্য পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com