নমূনা প্রতীকের সাথে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যালট পেপারে একজন প্রার্থীর প্রতীকের অমিল থাকায় শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
এর আগে আইস্ক্রীম প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা ইফতারুল ইসলাম মামুন অভিযোগ করে বলেন, আমাকে প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেওয়া হয়৷ সেই প্রতীক নিয়েই আমি প্রচারণা চালাই। আজ ভোট শুরু হওয়ার পর দেখলাম ব্যালটে বরাদ্দ প্রতীকের সঙ্গে মিল নেই। সেখানে ফুলের মত দেখতে কুলফি আইসক্রিম দেওয়া হয়েছে। এতে ভোটাররা আমার প্রতীক চিনতে পারছে না। আমি নির্বাচন অফিসে যেয়েও কাউকে পাচ্ছি না।
তিনি আরও বলেন, আমি রিটার্নিং কর্মকর্তাকে ফোন করেছিলাম। তিনি এখন আমাকে ফেসবুকে প্রচার প্রচারণা চালাতে বলছেন। আমি এখন নিরূপায়। আমি কোথায় কি করব বুঝতেও পারছি না।
বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনে রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ বলেন,‘আমাদের কমিশন থেকে অতিরিক্ত তিনটা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। সেখানে শুধু আইসক্রিম প্রতীক ছিল। কিন্তু নমুনা ছবি ছিল না। পরে আমরা সচারাচর যে আইসক্রিম হয় সেই ছবি দিয়ে তাকে প্রতীক বরাদ্দ দেই। আজ ব্যালটে দেখি কুলফি আইসক্রিমের ছবি। এটা আসলে আমাদের কোনো ভুল নয়।’
Leave a Reply