গাজায় ইসরাইলি সেনা নিহত, ৩ জিম্মির মৃতদেহ উদ্ধার

Reporter Name
    সময় : শনিবার, মে ১৮, ২০২৪, ২:৩১ পূর্বাহ্ণ
  • ৩৯৬ Time View

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে যুদ্ধে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে তিন জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে দখলদার ইসরাইলের সেনাবাহিনী।

শুক্রবার দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার।

খবর অনুসারে, নিহত সেনা প্যারাট্রুপার্স ব্রিগেডের সিগন্যাল কোম্পানির সার্জেন্ট বেন অভিশায় (২০)। তার মৃত্যুতে গাজায় হামাসের বিরুদ্ধে আইডিএফের স্থল অভিযানের সময় নিহত সেনার সংখ্যা ২৮০ জনে দাঁড়িয়েছে।

এদিকে নিহত ৩ জিম্মিরা হলেন- শানি লোক, অমিত বুসকিলা এবং ইজহাক গেলেরেন্তার। এই তিনজন গত ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভালে নিহত হন। এরপর তাদের মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃতদেহগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালান হামাসের যোদ্ধারা। সে সময় গাজার সীমানা বেড়ার কাছে চলছিল নোভা মিউজিক ফেস্টিভাল। হামাসের হামলায় ওই ফেস্টিভালে ৩৫০ জন প্রাণ হারান। তাদের মধ্যে এই তিনজনও ছিলেন। ওইদিন হামাসের হামলায় সবমিলিয়ে ১ হাজার ২০০ ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিকরা নিহত হন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের মৃতদেহ উদ্ধারের পর বলেন, প্রতিরক্ষা বাহিনীর তিনজন জিম্মির মৃতদেহ উদ্ধারের খবরে আমি মর্মাহত। আমার স্ত্রী সারা এবং আমি তাদের পবিরারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের সব জিম্মিকে ফেরাব— জীবিত অথবা মৃত। আমি আমাদের সাহসী সেনাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের ছেলে ও মেয়েদের বাড়িতে ফিরিয়ে এনেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com