শহরের চেলোপাড়া থেকে পুনরায় আটক!
বগুড়া কারাগারের দেওয়াল টপকে পালিয়েছেন ফাঁসির দন্ডপ্রাপ্ত ৪ আসামী। গতরাতের কোন একসময় তারা সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
পলাতকৃত ৪ জন আসামি হলেন- বগুড়ার কাহালু উপজেলার উলট্র পূর্বপাড়ার আব্দুল মান্নানের ছেলে মোঃ জাকারিয়া, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের মৃত আজিজুলের ছেলে নজরুল ইসলাম মজনু, নরসিংদী জেলা সদরের ফজরকান্দি গ্রামের মৃত ইসরাফিল খাঁর ছেলে আমির হামজা ওরফে আমির হোসেন এবং বগুড়া সদরের মৃত ইসরাইল শেখের ছেলে ফরিদ শেখ।
ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ দ্রুততম সময়ে শহরের চেলোপাড়া থেকে পলাতক আসামিদেরকে গ্রেফতার করেছে।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী কিছুক্ষণ আগে তাঁর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানান, আজ ভোর আনুমানিক ৩টা ৫৫ মিনিটে কারাগার থেকে ফাঁসির দন্ডপ্রাপ্ত ৪ আসামীর পলায়নের বিষয়টি জানানো হয়। এরপর শহরে টহলরত পুলিশের সবগুলো টীমকে সতর্ক করা হয়। যেকোন মূল্যে পলাতক আসামীদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ভোর ৪টার দিকে চেলোপাড়া চাষী বাজার থেকে পলাতক ৪জনকে আটক করে। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ তাদেরকে শনাক্ত করার পর তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ সুপার জানান, সকালে কারাগার পরিদর্শনের পর দেখা গেছে এই ৪ জন ফাঁসীর দন্ডাদেশ প্রাপ্ত আসামী একই কনডেম সেলে ছিলেন। তারা ভোর রাতে নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে কনডেম সেলের ছাদের কোণার একটা অংশ ফুটো করে। এরপর নিজেদের ব্যবহৃত কাপড়, বেডশিট দিয়ে রশি বানিয়ে কারাগারের দেওয়াল টপকে কারাগারের নিকটবর্তী ব্রীজ দিয়ে করতোয়া নদী পার হয়ে চাষী বাজারে গিয়ে অবস্থান নেয়। সেকান থেকে অন্য কোথাও পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে তারা পুলিশের হাতে ধরা পড়ে।
তিনি আরও জানান, এই ৪ আসামীর বিরুদ্ধে নতুন আরেকটি মামলা হবে। এরপর তাদেরকে আদালতে নেয়া হবে। আদালতের নির্দেশনা মত তাদেরকে পুনরায় কারাগারে পাঠানো হবে।
Leave a Reply