হাকালুকির পানিতে ধীরে চলছে ট্রেন

সিলেট-কুলাউড়া রেলপথ ডুবে যাচ্ছে!

সাতমাথা ডেস্ক:
    সময় : শুক্রবার, জুন ২১, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ
  • ৩২২ Time View

ভারী বর্ষণ ও ভারত থেকে আসা উজানের পানির কারণে প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাকালুকি হাওর তীরবর্তী বিভিন্ন এলাকা। হাওরে প্রতিদিনই বাড়ছে পানি, ডুবে যাচ্ছে একের পর এক গ্রাম। এরই মধ্যে কুলাউড়া উপজেলার অনেক ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে।

সর্বশেষ পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে সিলেট-কুলাউড়া রেলপথ। তারপরও ধীরগতিতে চলছে ট্রেন। তবে পানি আর সামান্য বাড়লেই বন্ধ হয়ে যেতে পারে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, হাকালুকি হাওরের কাদিপুর ইউনিয়ন এলাকায় কুলাউড়া ও বরমচাল রেলওয়ে সেকশনে ৩৩৩ থেকে ৩ নম্বর পিলার পর্যন্ত রেললাইন পানিতে ডুবুডুবু অবস্থায় রয়েছে। সেখানে লোক মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, কুলাউড়ার বরমচাল এলাকার রেললাইন থেকে পানি কমতে শুরু করেছে। রেললাইন পিলারের ৩৩৩-০৩ নম্বর পিলার এলাকায় মাইল খানেক জায়গায় গত কয়েক দিনের লাগাতার বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বরমচালে রেললাইনে পানি ওঠে যায়। এখন ওই স্থানে ১০ কিলোমিটার বেগে সতর্ক অবস্থায় ট্রেন চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ধীরগতিতে হলেও বর্তমানে ট্রেন চলাচল করছে। সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। অবস্থার অবনতি ঘটলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গতি নিয়ন্ত্রণের বিষয়ে ট্রেন চালকদের সতর্কতা অবলম্বনের জন্য সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com