ইসরাইল সমগ্র মানবতার জন্য হুমকি : এরদোগান

সাতমাথা ডেস্ক:
    সময় : বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ণ
  • ২০৫ Time View

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরাইল কেবল গাজার জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য হুমকি। গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইয়েনি শাফাক জানিয়েছে, বুধবার তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একেপি পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

তুর্কি গণমাধ্যমটি জানিয়েছে, এরদোগান বলেছেন, ইসরাইল যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইন না মানবে এবং আন্তর্জাতিক আইন মানার প্রয়োজনীয়তা অনুভব না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রই নিরাপদ নয়। ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তুর্কি নেতা।

খবরে বলা হয়েছে, এ সময় গাজায় ইসরাইলের প্রাণঘাতী হামলার ব্যাপারে প্রতিক্রিয়া দেখাতে ইসলামি বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। সেই সঙ্গে গাজায় ইসরাইলি আগ্রাসন ঠেকাতে কার্যকর কোনো ভূমিকা নিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের পাশাপাশি মুসলিম নেতাদের তীব্র সমালোচনা করেছেন এরদোগান।

তিনি বলেন, এমনকি নিজেদের কর্মীদেরও রক্ষা করতে পারছে না জাতিসংঘ। তাহলে আপনি কী ধরনের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন? গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পশ্চিমের একটি শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল। শুধু তাই নয়, গত কয়েক দিনে নিরীহ ফিলিস্তিনিদের ওপর বেশ কয়েকটি ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। উদ্বাস্তু ফিলিস্তিনিদের ওপর চালানো হামলা নিয়ে বিশ্বব্যাপী ইসরাইলের বিরুদ্ধে সমালোচনা চলছে। কিন্তু গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের বিরুদ্ধে শুধু নিন্দা বা সমালোচনাই করা হচ্ছে, কার্যকর কোনো পদক্ষেপ কোনো পক্ষ থেকে নেওয়া হয়নি।

এমনই প্রেক্ষাপটে জাতিসংঘ ও মুসলিম বিশ্বের নেতাদের বিষয়ে এমন সমালোচনা করলেন তুর্কি প্রেসিডেন্ট।

ইসরাইলের হামলার ঘটনায় একক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোরও সমালোচনা করে তিনি বলেন, ইসলামি বিশ্বের কাছে আমার কিছু কথা বলার আছে, আপনারা একটি সাধারণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কীসের অপেক্ষা করছেন?

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কের এই প্রেসিডেন্ট প্রায়ই ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব ও মুসলিম দেশগুলোর সমালোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com