গুলশানে এক দিনে চার ফ্ল্যাট কিনেছিল বেনজীর পরিবার!

সাতমাথা ডেস্ক:
    সময় : সোমবার, মে ২৭, ২০২৪, ২:০৯ অপরাহ্ণ
  • ২৯৫ Time View

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের সদস্যদের আরও সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর স্ত্রী জীশান মীর্জার নামে পাওয়া গেছে আরও ২৭৬ বিঘা (৯১ একর) জমি।

বেনজীর আহমেদের স্ত্রী ও এক মেয়ের নামে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে চারটি ফ্ল্যাট খুঁজে পেয়েছে দুদক। ফ্ল্যাটগুলোর আয়তন মোট ৯ হাজার ১৯২ বর্গফুট। এই চার ফ্ল্যাট কেনা হয়েছিল এক দিনে (২০২৩ সালের ৫ মার্চ) বেনজীর আহমেদ অবসরে যাওয়ার ছয় মাসের মধ্যে। দাম দেখানো হয়েছিল মাত্র ২ কোটি ১৯ লাখ টাকা।

জমি ও ফ্ল্যাট ছাড়াও দুদক বেনজীর আহমেদ ও স্ত্রী-সন্তানদের নামে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র খুঁজে পেয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী-সন্তানের নামে থাকা এসব স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ (ক্রোক) ও অবরুদ্ধের আদেশ দেন ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। দুদকের পক্ষে লিখিতভাবে সম্পদ জব্দের আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা সংস্থাটির উপপরিচালক হাফিজুল ইসলাম।

আবেদনের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি আদালতকে বলেন, নতুন করে বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে আরও অনেক সম্পদের খোঁজ পাওয়া গেছে। বিভিন্ন জেলায় তথ্য চেয়ে দুদক চিঠি দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে তথ্য আসতে শুরু করেছে। তিনি বলেন, এখন পর্যন্ত যে সম্পদের খোঁজ পাওয়া গেছে, তা জব্দ ও অবরুদ্ধ না করা হলে হস্তান্তর হয়ে যেতে পারে।

শুনানির একপর্যায়ে আদালত পিপির কাছে জানতে চান, বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য ও বিও হিসাবে কত টাকার শেয়ার আছে, তা জানেন কি না। জবাবে পিপি বলেন, তাঁরা বিস্তারিত জানতে পারেননি। জব্দ ও অবরুদ্ধের আদেশ দিলে বিস্তারিত খোঁজ নিয়ে আদালতকে জানানো হবে।

শুনানির পর আদালত বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে নতুন করে খুঁজে পাওয়া সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন। একই আদালত ২৩ মে বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি এবং ৩৩টি ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন।

সম্পদ জব্দের বিষয়ে গতকাল বেনজীর আহমেদের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হয়। তবে সাড়া পাওয়া যায়নি। আদালতে করা আবেদনে দুদক বলেছে, বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা এই সম্পদ (তফসিলে বর্ণিত) অবৈধভাবে অর্জন করেছেন। তাঁরা এই সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন।

সূত্র: প্রথম আলো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com