বিএনপি-জামায়াতের বিরুদ্ধে করা মামলায় ফাঁসলেন সালমান-আনিসুল!

সাতমাথা ডেস্ক:
    সময় : বুধবার, আগস্ট ১৪, ২০২৪, ১:৫৭ অপরাহ্ণ
  • ২৩৭ Time View

কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানা গেছে।

তবে বুধবার ঢাকা শহরে ৫ আগস্ট পর্যন্ত যত মিথ্যা এবং প্রতারণামূলক মামলা হয়েছে, বৃহস্পতিবারের মধ্যে তা প্রত্যাহার হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ড. আসিফ নজরুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা শহরে যত মিথ্যা এবং প্রতারণামূলক মামলা হয়েছে, তা বৃহস্পতিবারের মধ্য প্রত্যাহার করতে হবে।

এক্ষেত্রে যদি এ সকল মামলা প্রত্যাহার করা হয় তাহলে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার দেখানো ১৮ জুলাই করা মামলার কি হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

নিউমার্কেট থানা ও আদালত সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হককে কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়।

গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) বাদী হয়ে একটি মামলা করেন।মামলায় আসামি করা হয় অজ্ঞানতামা।

এ মামলার অভিযোগে বলা হয়, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে জানতে পারি, গত ১৬ জুলাই আমার ছেলে অজ্ঞাতনামা কোটাবিরোধীদের কর্তৃক গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে নিউমার্কেট থানাধীন মিরপুর রোডস্থ টিটি কলেজের বিপরীত পাশে কাদের আর্কেড মার্কেটের সামনে পাকা রাস্তার উপর পড়ে ছিল। চলমান কোটা সংস্কারের অজ্ঞাতনামা বিরোধীরা, জামায়াত, শিবির ও বিএনপির সশস্ত্র আসামিরা এক হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে লোহার রোড, হকিস্টিক, লাঠি-সোঠা ইত্যাদি অস্ত্রসহ সায়েন্সল্যাব ক্রসিং হতে নিউমার্কেটের দিকে গাছ, লোহার রোলিং ভাংচুর করতে করতে এগিয়ে আসে এবং রাস্তায় থাকা বিভিন্ন স্থাপনায় আগুন দেয়। তখন কোটাবিরোধী অজ্ঞাতনামা আন্দোলনকারীরা, জামায়াত, শিবির ও বিএনপির সশস্ত্র আসামিরা এক হয়ে অতর্কিতভাবে নিউমার্কেট থানাধীন মিরপুর রোডস্থ টিটি কলেজের বিপরীত পাশে কাদের  আর্কেড মার্কেটের সামনে পাকা রাস্তার উপর আমার ছেলেকে আক্রমণ করে। অজ্ঞাতনামা আসামিরা আমার ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী আঘাত করে; যার ফলে আমার ছেলে রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে থাকে। উপস্থিত পথচারীরা আমার ছেলেকে চিকিৎসার  জন্য দ্রুত ধানমন্ডিস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আমার ছেলের অবস্থা খারাপ দেখে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ আমার ছেলের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আমার ছেলেকে পরীক্ষা-নিরীক্ষা করে  গত ১৬ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটের সময় মৃত ঘোষণা করেন।

অভিযোগে আরও বলা হয়, আমার ছেলে শাহজাহান আলী (২৪)  নিউমার্কেট থানার মিরপুর রোডস্থ বলাকা সিনেমা হলের গলির মুখে পাপসের দোকানে কাজ করতো। প্রতিদিনের ন্যায় ১৬ জুলাই সকাল ৯টার দিকে দোকানে কাজ করার জন্য আসে। এদিন সন্ধ্যায় অজ্ঞাতনামা একজন ব্যক্তি আমার ছেলের মোবাইল নম্বর হতে আমার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে আমাকে জানায় যে, আমার ছেলে শাহজাহান আলী (২৪) গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি আছেন। আমি সংবাদ পেয়ে তাৎক্ষণিক পপুলার হাসপাতালে আসি এবং জানতে পারি যে, আমার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আমি তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে মর্গে গিয়ে আমার ছেলের মৃতদেহ দেখে সনাক্ত করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com