সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

সাতমাথা ডেস্ক:
    সময় : বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৮:৫৫ পূর্বাহ্ণ
  • ৩২০ Time View

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম জানান, সোমবার থেকে রুহুল আমিন গাজী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, রুহুল আমিন গাজী কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কারাবাসে তাঁর শারীরিক নানা জটিলতা তৈরি হয়।

আজ বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

রুহুল আমিন গাজীর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। বাসস পরিবারের পক্ষ থেকে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস ও সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ। শোক বানীতে নেতৃদ্বয় বলেন, রুহুল আমিন গাজী একজন দেশপ্রেমিক সাংবাদিক নেতা ছিলেন। দীর্ঘ দিন তিনি সাংবাদিক সমাজের অধিকারের জন্য লড়াই করেছেন।

একাধিকবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। সাংবাদিকদের অধিকার আদায়ে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com