বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল ৯ টায় উপজেলার স্থানীয় একটি মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর আব্দুল লতিফ।

প্রধান অতিথি বলেন,পবিত্র আশুরা থেকে আমরা শিক্ষা পাই ইসলাম ফুল বিছানো পথে আসেনি। ইসলাম এসেছে কাঁটা বিছানো পথে। যারা যুগে যুগে ইসলামকে প্রতিষ্ঠা করতে গেছে তাদের উপরে নেমে এসেছে যুলুম আর নির্যাতন। বর্তমানেও যারা সারা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের উপরেও নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হচ্ছে। জেল জুলুম এমনকি ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। যারা সত্যিকারের ইসলামের পথে থাকবে তাদের এমনটি হবেই। আশুরা প্রতিটি মুসলমানকে সেই শিক্ষাই শিক্ষা দেয়।
তিনি আরও বলেন,যারা জুলুম করে তারা জালেম। জালেমরা ধ্বংস হয় আর মজলুমরা পরীক্ষার পর নাজাত পান। হকের পথে থাকলে জুলুম আসতে পারে যেমনটি এসেছিল ইব্রাহিম, মুসা ও রাসূল সা:-এর ওপর। এ পথে নির্যাতন আসবে, গালি শুনতে হবে-গালি ও অপবাদ শোনাটাও সুন্নত কারণ নবী রাসূলদেরও তা শুনতে হয়েছিল। তারা ধৈর্য ধরেছিলেন আমাদেরকেও ধৈর্যধারণ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, তারবিয়াত সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, শ্রমিক কল্যান ফেডারেশনের শাজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
Leave a Reply