২৬তম জাতীয় ক্রিকেট লিগ
শহীদ চান্দু স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকায় জাতীয় লিগের উদ্বোধনী দিনে রংপুর ও চট্রগ্রামের মধ্যকার চারদিনের ম্যাচের প্রথম দিনের খেলা পন্ড হয়েছে। ক্রিকেটাররা নেটে অনুশীলন করেই সময় পার করেছেন।
২৬তম জাতীয় ক্রিকেট লিগের অন্যতম ভেন্যু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার সকালে লিগের উদ্বোধন করা হয়। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিএম ইমরুল কায়েস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করেন।
এসময় ম্যাচ রেফারি সৈয়দ আসিফ হোসাইন দিদার, মধুমতি ব্যাংকের ম্যানেজার আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন এবং ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আম্পায়ার মাঠ পরিদর্শন করেন। আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরুর জন্য অপেক্ষা করেন। কয়েক দফা মাঠ পরিদর্শন করে সিদ্ধান্তের জন্য অপেক্ষার প্রহর বাড়তে থাকে। অবশেষে দুপুর ২টায় সর্বশেষ পরিদর্শন শেষে আউটফিল্ড খেলার উপযোগি না হওয়ায় ম্যাচ রেফারি প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষনা করেন।
এদিকে, বল মাঠে না গড়ানোয় দুই দলের ক্রিকেটাররা সকাল থেকে ফুটবল খেলে এবং নেটে অনুশীলন করে সময় কাটিয়েছেন। নতুন করে বৃষ্টি না হলে আগামীকাল রোববার সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুর সম্ভাবনা রয়েছে।
দুই দলের খেলোয়াড় তালিকা:
চট্রগ্রাম: সাদিকুর রহমান, সাব্বির হোসেন শিকদার, সাদ্দাম হোসেন, মাহমুদুল হাসান জয়, শাহাদত হোসেন দিপু, ইয়াসির আলী, ইরফান শুকুর, নাঈম হাসান, হাসান মুরাদ, আশরাফুল হাসান রুহান, এনামুল হক আশিক, ইফরান হোসেন, ফাহাদ হোসেন, আহমাদ শরীফ ও ইয়াছিন আরাফাত মিশু।
রংপুর: চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, অনিক সরকার, খালেদ হাসান, মিম মোসাদ্দেক, নাঈম ইসলাম, শাকিল হোসেন, তানভীর হায়দার খান, নবিন ইসলাম, আব্দুল্রাহ আল মামুন, মাহমুদুল হাসান লিমন, আবুল হাশেম, মুকিদুল ইসলাম মুগ্ধ, রবিউল হক, আব্দুল গাফ্ফার সাকলাইন ও আসাদুল্লাহ গালিব।
Leave a Reply