বগুড়ায় বিধবা নারীর জমি নিয়ে বিরোধ

Author মো. সাইমুম জাহান
    সময় : বুধবার, মে ২৭, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
  • ৭৯ Time View

বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের নিনাইল এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই এলাকার বাসিন্দা খুকি বালা।

 

 

 

অভিযোগে খুকি বালা বলেন, স্বামীর ওয়ারিশ সূত্রে পাওয়া প্রায় ১৮ শতক জমি দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে প্রতিবেশী সুরেশ চন্দ্র সরকার, নরেশ চন্দ্র সরকার, বিলাশ চন্দ্র সরকার ও বিশাখা রানীর সঙ্গে বিরোধ চলছে। এ নিয়ে আদালতেও একটি মামলা বিচারাধীন রয়েছে। লিখিত অভিযোগে বলা হয়, গত ২৬ মে সকালে অভিযুক্ত ব্যক্তিরা তার জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ধান কেটে নিয়ে যান। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বাধা দিতে গেলে তাঁকে ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

 

 

 

খুকি বালা আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি দেখিয়ে আসছে এবং জমি ছেড়ে না দিলে ক্ষতি করার হুমকি দিচ্ছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগে ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে।

 

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, এরুলিয়া এলাকায় এক হিন্দু বিধবা মহিলার জমি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ওই মহিলার স্বামী মারা যাওয়ার পর হিন্দু আইন অনুযায়ী, তিনি জীবিত থাকা পর্যন্ত এই সম্পত্তির ভোগদখল করবেন। তাঁর মৃত্যুর পর তাঁর স্বামীর ভাইয়ের সন্তানরা তা পাবেন। কিন্তু প্রতিপক্ষরা সেই পর্যন্ত ধৈর্য না ধরে জোরপূর্বক ধান কেটে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি পেয়েছি, আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com