স্টাফ রিপোর্টার : বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন অফিসে যান দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিনের নাহিন এর মধ্যে যেকোন একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়।
উপস্থিত অন্য জ্যেষ্ঠ নেতারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রেজাউল করিম বাদশা ভাইয়ের মনোনয়ন জমা দেওয়ার সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জেলা বিএনপি সিদ্ধান্ত নেবে । জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিনের নাহিনের সাথে যোগাযোগের চেষ্টা করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন। আগামী ৯ এপ্রিল এই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
Leave a Reply