এআই, ‘সিটিজেন জার্নালিজম’ আর ‘ডিপফেইক’ এর এই যুগে মিডিয়া লিটারেসি না থাকাটা চরম অপরাধ। আপনি লেখা-পড়া না জানা সত্যি সত্যি গণ্ড মূর্খ হলেও কোন সমস্যা নেই, কিন্ত আপনি যদি ‘মিডিয়া মূর্খ’ হোন ; তাহলেই মারাত্মক সমস্যা। সমস্যাটা শুধু আপনার নিজের একার নয়,সমস্যাটা আপনার পরিবারের, দলের, সমাজের,জাতির,দেশের এমনকি গোটা দুনিয়ার।
এই সময়ে মিডিয়া লিটারেসি না থাকলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আপনি কিছুই বুঝবেন না। দোষখকে মনে হবে বেহেশত আর বেহেশতকে মনে হবে দোযখ। সত্যটাকে আপনার মিথ্যা মনে হবে আর মিথ্যাটাকেই সত্য বলে প্রচার করে বেড়াবেন।
আপনি সত্য একটা ভিডিওকে এআই দিয়ে তৈরি ফেইক ভিডিও বলে প্রচার করে বেড়াবেন। আবার এআই দিয়ে তৈরি ফেক ভিডিওকে সত্য বলে দাবি করবেন।
আপনি নিজের বউ নিয়ে ঘরে শুয়ে থাকবেন অথচ শত্রুরা প্রচার করবে অন্যের বউ নিয়ে শুয়ে আছেন। বৈধ সিম্পর্ককে বানিয়ে দিবে পরকীয়া। আপনার নিজেরও ক্যারিয়ার শেষ করবে ,দলেরও বারোটার বাজাবে।
পরে যখন যাচাই করে সত্য-মিথ্যা প্রমানিত হবে, তখন আপনি নিজেও ডুববেন আপনার দলকেও ডুবাবেন। এক মুহুর্তের মধ্যে একটা ফেইক ফটো বা ভিডিও আপনার দলের লাখ লাখ নেতা-কর্মীকে বিভ্রান্ত করে ফেলবে। দলে দলে লোককে পথভ্রষ্ট এমনকি ইমানহারা পর্যন্ত করে দিতে পারে। এটাই এখনকার দাজ্জালি সভ্যতার নিরেট বাস্তবতা।
একারণেই আমি গত কয়েক বছর ধরে মিডিয়া লিটারেসির ওয়াজ করে বেড়াচ্ছি। সভা-সেমিনারে শুধু ওয়াজ করেই ক্ষান্ত হইনি। মিডিয়া লিটারেসি সেখানোর জন্য নিজের টাকা খরচ করে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। এখনো করছি। কিন্তু ভয়ঙ্কর দু:খের বিষয় হচ্ছে, মিডিয়া লিটারেসি শিখতে ইসলামপন্থীদের কোন আগ্রহই নেই । ইসলামপন্থী দলগুলো যেমন এবিষয়ে মোটেই আগ্রহী নয়, ইসলামপন্থী দলগুলোর নেতা-কর্মীদেরও এবিষয়ে কোন আগ্রহ নেই।
লিটারেসি মানে সাক্ষরতা। সাক্ষরতা মানে অক্ষরজ্ঞান। তার মানে ক,খ,গ-অ,আ চিনতে পারা। মিডিয়া লিটারেসির সহজ বাংলা গণমাধ্যম সাক্ষরতা। যার মিডিয়া লিটারেসির অভাব তাকে ‘গণমাধ্যম মূর্খ’ বলা হয়। কথাটা শুনতে খারাপ লাগলেও আসল মূর্খের চেয়েও গণমাধ্যম মূর্খতা সবচেয়ে বেশি ভয়াবহ এবং ক্ষতিকর। কারণ একজন লোক যথেষ্ট উচ্চশিক্ষিত তথা মাস্টার্স কিংবা পিএইচডি ডিগ্রিধারী হয়েও মিডিয়া লিটারেসি না থাকলে তিনি গণমাধ্যম মূর্খ হিসেবে বিবেচিত হবেন।
আপনি সবই বোঝেন,বাট মিডিয়া লিটারেসি না থাকলে আপনি পদে পদে ভুল করবেন। বিশেষ করে যারা রাজনীতি করেন,যারা দলের নেতৃত্ব দেন তারা যদি এখনই মিডিয়া লিটারেসির গুরুত্ব না বোঝেন,তাহলে শীঘ্রই আপনার আম-ছালা দুটোই হারাবেন।
মিডিয়া লিটারেসি এবং সিটিজেন জার্নালিজমের ধারণা না থাকলে ইসলামী বিপ্লব তো দূরের কথা, আপনার ইমান-আমল ধরে রাখাই মুশকিল হয়ে যাবে। আপনি সকালে ছিলেন ইমানদার,কিন্তু বিকেলে হয়ে যাবেন ইমানহারা।
…………………………………..
এফ শাহজাহান
স্কুল অব জার্নালিজম
২১ জুলাই ২০২৬
……………………………………
মিডিয়া লিটারেসি কাকে বলে ? বর্তমানে এর প্রয়োজনীয়তা এবং মিডিয়া লিটারেসি কীভাবে শিখবেন জানতে চাইলে পরের পোস্টে নজর রাখুন।
Leave a Reply