বেগম খালেদা জিয়ার ৩ আসনে এখন যে সব প্রার্থী নির্বাচন করতে পারবেন

Reporter Name
    সময় : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
  • ২৭৫ Time View

এফ শাহজাহান :

বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর অনেকেই প্রশ্ন তুলেছেন, যে আসনগুলোতে বেগম খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল, তাঁর মৃত্যুর পর ঐ আসনগুলোতে এখন বিএনপির কোন প্রার্থী থাকছে কিনা ?
এর সংক্ষিপ্ত জবাব হচ্ছে, খালেদা জিয়ার মৃত্যুর পর ঐ আসনগুলোতে এখন বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তারাই বিএনপির প্রার্থী হিসেবে থাকবেন।
তবে বিএনপির সেই বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র কোন কারণে বাতিল হয়ে গেলে সিই আসনে বিএনপির প্রার্থী শুন্য হয়ে যাবার আশঙ্কা আছে।
বেগম খালেদা জিয়ার তিনটি আসনেই বিএনপির বিকল্প প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশিনের বিধিমালা অনুযায়ী একটি আসনে কোনো দল একাধিক বিকল্প প্রার্থীর মনোনয়ন দিতে পারে।
তবে একাধিক প্রার্থী থাকলে শেষ পর্যন্ত প্রতীক বরাদ্দের আগে যাঁর নামে দল থেকে প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হয়, তিনিই দলীয় প্রার্থী হতে পারেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭,দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।একই সঙ্গে এসব আসনে বিএনপির বিকল্প প্রার্থীর মনোনয়নও দাখিল করা হয়েছিল।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন।

দিনাজপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন ৩ বার নির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

ফেনী-১ আসনে বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ওই আসনের নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দিলেই কেউ বৈধ প্রার্থী হন না। মনোনয়ন যাচাই-বাছাই শেষে যাঁরা টিকে যান, তাঁদেরই বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
খালেদা জিয়ার ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের আগেই মৃত্যু হওয়ায় তাঁর মনোনয়ন কার্যত স্থগিত থাকবে, তবে নির্বাচনী প্রক্রিয়া বন্ধ হবে না।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আইনে বলা আছে, বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনে নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণা করতে হয়। কিন্তু খালেদা জিয়া এখনো বৈধ প্রার্থী হননি। তাই এই তফসিলে কোনো পরিবর্তনের সুযোগ বা প্রয়োজন নেই।” তিনি আরও জানান, বিএনপি সংশ্লিষ্ট তিনটি আসনে বিকল্প প্রার্থী রাখায় আইনগত জটিলতাও তৈরি হচ্ছে না।
সংশ্লিষ্ট আসনগুলোর রিটার্নিং কর্মকর্তাদের মতে, মনোনয়নপত্র বাছাইয়ের আগেই খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে ভোটের কার্যক্রম চলমান থাকবে। এসব আসনে ইতিমধ্যে একাধিক প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে এবং যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে ৩০ ডিসেম্বর মঙ্গলবার।
এই প্রক্রিয়া চলবে ৪ জানুয়ারি শনিবার পর্যন্ত। যাচাই শেষে দলীয় প্রতীক বরাদ্দের সময় সংশ্লিষ্ট দলের চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে।
তবে বেগম খালেদা জিয়ার আসনগুলোতে এখন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। কারণ, বেগম জিয়ার আসনগুলোতে যারা বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন, তাদের গ্রহণযোগ্যতার ওপরই সেই আসনের জয়-পরাজয় নির্ধারিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com