বগুড়ায় শেখ হাসিনাসহ তিন সাংবাদিকের নামে হত্যা মামলা!

স্টাফ রিপোর্টার:
    সময় : বুধবার, আগস্ট ২৮, ২০২৪, ৪:৩২ অপরাহ্ণ
  • ৪০৬ Time View

বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং স্থানীয় তিন সাংবাদিকসহ ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত শিমুলের স্ত্রী শিমু বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন।

এই মামলায় আসামি করা হয়েছে বগুড়ার তিন সাংবাদিককেও। তারা হলেন দৈনিক জনকণ্ঠের মাহমুদুল আলম নয়ন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওগনজাগরন মঞ্চের আহ্বায়ক জে এম রউফ।

মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় ১৩৫ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন শিমুলের স্ত্রী শিমু বেগম। আর এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০০ জনকে। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এ নিয়ে বগুড়ায় গত ১১ দিনে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা দায়ের করা হলো।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের প্রধান সড়কে ঝাউতলা এলাকায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের নির্দেশে এবং সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, রাগেবুল আহসানসহ চারজনের নেতৃত্বে অন্য আসামিরা পিস্তল, কাটারাইফেলসহ আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা চালান। এসময় ছাত্র-জনতার মিছিলে ককটেল ও পেট্রলবোমা হামলা করেন ওই তিন সাংবাদিকসহ এজাহারভুক্ত ৩৩ জন।

মামলার অভিযোগ আরও বলা হয়েছে, হামলার সময় শিমুল ছাত্র-জনতাকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়েন বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান, বগুড়া পৌরসভার কাউন্সিলর আরিফুর রহমান, আবদুল মতিন সরকারসহ অন্য আসামিরা। বুকে গুলিবিদ্ধ হয়ে শিমুল মাটিতে লুটিয়ে পড়েন। তার মৃত্যু নিশ্চিত হলে ঘটনাস্থল থেকে চলে যান হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শিমুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানান, ১৩৫ জনের নাম উল্লেখ করে হত্যা ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। এতে অজ্ঞাত পরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com