বগুড়ায় খালেদা জিয়া-তারেক রহমানসহ বিএনপি-জামায়াত ও অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

Reporter Name
    সময় : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
  • ৩৩৯ Time View

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনে বগুড়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপি-জামায়াতসহ অন্যান্য প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা । এই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী বগুড়া মহানগরী জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারেক রহমানের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের বিপুলসংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

আবিদুর রহমান সোহেলের মনোনায়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন বগুড়া মহানগরী জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ,সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক,সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, এড. আল আমিন, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাত তুহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারেক রহমানের মনোনয়নপত্র দাখিলের পর বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি এবারের নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন। তিনি বগুড়াবাসীর কাছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমান দোয়া চেয়েছেন। তিনি খুব শিগগিরই বগুড়ায় আসবেন। বগুড়াবাসীর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জেলা বিএনপির উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হবে।

উল্লেখ্য, তারেক রহমান এবার বগুড়া-৬ আসনের পাশাপাশি রাজধানী ঢাকার ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী লড়াইয়ে তার এই সরাসরি অংশগ্রহণ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

মনোনয়নপত্র জমাদান শেষে আবিদুর রহমান সোহেল বলেন, ফ্যাসিবাদী শাসনালে সারাদেশের মত বগুড়ার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে একটি সুন্দর নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা আশা করবো অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। এজন্য অবিলম্বে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জোর দাবী জানাচ্ছি। তিনি তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে সৌহার্দ্যপূর্ন পরিবেশে একটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ন নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকসহ বগুড়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

বগুড়া-৭(গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের লালু। সোমবার বেলা ৩ টায় লালুর নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তাঁর স্বাক্ষরের বদলে আঙুলের ছাপ নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ও গাবতলী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমীর ও বগুড়া-৭ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী এবং শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত সাংবাদিকদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জানান তালুকদার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তিনি ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়নপত্রে খালেদা জিয়া স্বাক্ষরের বদলে তাঁর আঙুলের ছাপ দিয়েছেন।

মনোনয়নপত্র জমা শেষে জামায়াত প্রার্থী গোলাম রব্বানী বলেন, গত ১৭ বছরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ জামায়াতে ইসলামিকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। বগুড়াসহ সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা জেলার সাতটি আসনেই বিজয় লাভ করব ইনশাআল্লাহ।

বগুড়ার গাবতলীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাঁর স্ত্রী খালেদা জিয়া প্রথমবারের মতো বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী হয়ে জয়ী হন, তবে জয়ের পর প্রতিবারই খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন হয়। তিনটি উপনির্বাচনে বিজয়ী হন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। ২০০৮ সালের উপনির্বাচনে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মওদুদ আহমদ জয়ী হন।

জেলা বিএনপির সূত্র বলছে, আসছে জাতীয় নির্বাচনে এই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হলেও একই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন। সোমবার বিকেলে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানিয়েছেন।

বিএনপি ও জামায়াতের অন্যান্য প্রার্থীগণ নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারের কাছে মানোনয়নপত্র জমা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com