ধামইরহাটে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনের প্রতি নিরব জনসমর্থন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
    সময় : বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ
  • ২৮১ Time View

চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ -পুলিশের স্বশস্ত্র হামলায় হতাহতের ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ডাকা দেশজুড়ে ‘কমপ্লিট শাট ডাউনে’ নিরব সমর্থন জানিয়েছে নওগাঁর ধামইরহাটের জনসাধারণ।

সকালে ধামইরহাট উপজেলা সদর থেকে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় নি দুরপাল্লার কোন বাস। রাতে পণ্যবাহী ট্রাক গুলো দিনের আলো ফোটার সাথে সাথে রাস্তার পাশে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো উপজেলা সদরে তেমন জনসমাগম চোখে পড়ে নি, বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। সরকারি -বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান গুলো খোলা থাকলেও মানুষের উপস্থিতি ছিল খুবই নগন্য। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি অফিসের সামনে পুলিশের সতর্ক পাহারা ছিলো চোখে পড়ার মতো।

বেলা ১১ টার দিকে নজিপুর -ধামইরহাট‌ সড়কের ঠুকনিপাড়া নামক স্থানে শাটডাউন সমর্থনে নজিপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। আমাইতাড়া মোড়ের চা দোকানী আব্দুস সালাম জানালেন প্রতিদিন সকাল ৮ টা থেকে মধ্যরাত পর্যন্ত দোকানে মানুষের ব্যাপক সমাগম থাকলেও আজ পুরো ফাঁকা! যেন অঘোষিত কারফিউ চলছে ধামইরহাটে।

মোবাইল ইন্টারনেট যথারীতি বন্ধ থাকলেও বিকল্প কৌশল ব্যবহার করে পারস্পরিক যোগাযোগ রক্ষা করছেন উৎসুক ধামইরহাট বাসী। এদিকে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউনের’ প্রতি জনসাধারণের এমন নিরব সমর্থনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী , অভিভাবক ও শিক্ষকমন্ডলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com