রাজনৈতিক লুটেরা। ব্যবসায়িক বাটপাড়। প্রশাসনিক কুলাঙ্গার। এই তিন অপশক্তির অবৈধ দখলে এখন সারের বাজার। ফলে দেশজুড়ে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। এই সুযোগে কৃষককে জিম্মি করে দীগুন-তিনগুন দামে সার বিক্রি হচ্ছে। এখন আর সেই সার বাজারেও পাওয়া যাচ্ছে না।
সার উঠছে আওয়ামী লীগ নেতার লাইসেন্সে। মজুদ করা হচ্ছে বিএনপি নেতার গুদামে। খোলাবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে স্থানীয় চেলা-চামুণ্ডাদের নিয়ন্ত্রনে।
এসি রুমের আরাম কেদারায় বসে সিসি ক্যামারায়
সবকিছু দেখছেন আর গোঁফে তা দিচ্ছেন প্রশাসন।
কোথাও আবার বিএনপি নেতার নামে গুদাম। বিএনপি নেতার বউয়ের নামে ডিলারশীপ লাইসেন্স। ভাই-ভাতিজার নামে দোকান।
বিসিআিইসির সার উঠছে বউয়ের নামে করা লাইসেন্সে। সেগুলো অবৈধ মজুদ হচ্ছে নেতার গোডাউনে। বাজারে সেগুলো চড়া দামে বিক্রি হচ্ছে ভাই-ভাতিজার দোকানে।
এভাবে রাজনৈতিক দলের দুবৃৃত্তরাই নিয়ন্ত্রন করছে সবকিছু। ফলে সার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে যাওয়া দিশেহারা কৃষকরা নিরুপায় হয়ে কোথাও আগুন জ্বালাচ্ছেন, কোথাও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
এখনো ইরি-বোরো মৌসুম শুরু হয়নি। তার আগেই সার সংকটে হিমশিম খাচ্ছেন কৃষক। এই পরিস্থিতি চলতে থাকলে আসন্ন ইরি-বোরা মৌসুমে অবৈধ মজুদদারদের কারসাজিতে সার সংকট তীব্র আকার ধারন করবে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগী কৃষকরা।
১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর নির্বিচার গুলি চালিয়ে এক দিনে ১৮ জন কৃষককে হত্যা করা হয়েছিল। পরিস্থিতি আবার সেই দিকেই যাচ্ছে বলে বার বার উদাহারণ টানছেন কৃষকরা।
রাজনৈতিক দলের বাটপাড়রা কীভাবে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করছে তা জানার জন্য নিচের কয়েকটি দৃষ্টান্ত দেখলে সহজেই বুঝা যেতে পারে।
এক. নওগাঁয় বিএনপি নেতার গুদামে সারের অবৈধ মজুদ
নওগাঁর পত্নীতলায় ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মণ্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ৩০০ বস্তা সার জব্দ করেছে পত্নীতলা উপজেলা কৃষি অফিস। গত ৩ ডিসিম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার শিহাড়া ইউনিয়নে পাটলের গোয়েন্দাপাড়ার একটি বাগানের ভেতর সৈনিক ট্রেডার্স অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়। শিহাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সৈনিক ট্রেডার্স এর সত্ত্বাধিকারী ।
দুই. রাজশাহীতে বিএনপি নেতার মজুদকৃত ৪৫০ বস্তা সার উদ্ধার
রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতার গুদামে ৪৫০ বস্তা মজুদ করা হয়েছিল।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া এবং নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইদুর রহমানের লাইসেন্স ব্যবহার করে মুরগি বাবু অবৈধভাবে সার মজুত করে ব্যবসা করেন।
গত ০৬ ডিসেম্বর শনিবার রাজশাহীর বাগমারায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়ারেশ আলী বাবু ওরফে মুরগি বাবুর গুদাম থেকে সাড়ে চারশ’ বস্তা চোরাই সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় কৃষি বিভাগ ও পুলিশের টিম বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার ডানগাছি এলাকায় গোপন গুদামে রাতভর অভিযান চালিয়ে এই সার জব্দ করে।
এ দুজনের লাইসেন্সে ব্যবসা করার বিষয়টিও স্বীকার করেছেন তিনি। নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার জন্য গড়ে তুলেছেন গোপন গুদাম। লাইসেন্স ভাড়া দিয়ে সার কালোবাজারির অভিযোগ সম্পর্কে বিএনপি নেতা জিয়াউরকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
তিন. ময়মনসিংহে বিএনপি নেতার গুদাম থেকে ৩১৫ বস্তা সার জব্দ
গত বছর ৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়ায় সাবেক বিএনপি নেতা মাজহারুল আহসানের গুদাম থেকে ৩১৫ বস্তা বিনামূল্যের প্রণোদনার সার জব্দ করা হয়েছে। এ ঘটনার পর গুদাম সিলগালা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন।
মাজহারুল আহসান ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
চার. বিএনপি নেতার ভাইয়ের গুদামে ২ হাজার বস্তা সার
গত ২৪ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা লক্ষীরহাট বাজারে অবৈধভাবে মজুদ করা বিভিন্ন প্রকারের ২ হাজার ১৫১ বস্তা সার জব্দ করা হয়েছে। বিএনপি নেতার ভাই সহিদুল ইসলাম বাবুলর ‘মেসার্স শিখা মনি ট্রেডার্স’ থেকে এই সার জব্দ করে প্রশাসন।
উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজারে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীরহাট বাজারে অবস্থিত ‘মেসার্স শিখা মনি ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। শুরুতে সার মজুদের বিষয়টি অস্বীকার করলেও সেনা সদস্যরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দুটি পৃথক গোডাউনে বিপুল পরিমাণ সার মজুদের প্রমাণ পাওয়া যায়। জব্দ সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫০ হাজার টাকা।
পাঁচ. ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা কামাল হোসেনকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইউরিয়া সার গুদামজাত করায় বিএনপি নেতা কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে কামাল হোসেনের মালিকানাধীন মেসার্স করিম এন্টারপ্রাইজের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম।
উপরের খণ্ডচিত্রগুলো দেশের কয়েকটি স্থানের মাত্র। দেশের সর্বত্র প্রায় একই অবস্থা বিরাজ করছে। যেগুলো খবরে প্রকাশিত হয়েছে কেবলমাত্র সেগুলোই জানা যাচ্ছে।
যে ঘটনাগুলো এখনো প্রকাশিত হচ্ছে না, সেগুলো আরো ভয়ঙ্কর।
সামনে হয়তো এর চেয়েও আরো ভয়ঙ্কর দু:সময় অপেক্ষ করছে।
Leave a Reply