যেকোন সময় প্রজ্ঞাপন জারী : আইনজীবি

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার

সাতমাথা ডেস্ক:
    সময় : বুধবার, আগস্ট ২৮, ২০২৪, ১:৫৫ অপরাহ্ণ
  • ৩১৭ Time View

জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধে গত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুমোদন করেছেন। প্রজ্ঞাপন প্রক্রিয়াধিন এ সংক্রান্ত গেজেট আজ বুধবার যে কোনো সময় প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

১ আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মধ্যই পহেলা আগস্ট সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও  ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর পর থেকে রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা।

৫ই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে।

সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার পর জামায়াত তীব্র কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

জামায়াতের নিযুক্ত আইনজীবী শিশির মনির বলেছেন, এ বিষয়ে বুধবারই সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে। বিষয়টি তিনি সরকারের দায়িত্বশীলদের কাছ থেকে জেনেছেন।

সূত্র জানায়, জামায়াত নতুন সরকারের কাছে তাদের দল ও ছাত্রসংগঠন নিষিদ্ধের বিষয়টি তুলেছিল। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জামায়াতের কাছে জানতে চেয়েছিলেন, কোন আইনে নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা যায়। তখন শিশির মনিরকে জামায়াত আইনজীবী হিসেবে নিয়োগ করে।

শিশির মনির মঙ্গলবার বলেন, সন্ত্রাস দমনের যে আইনে নিষিদ্ধ করা হয়েছিল, সে আইনেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ আছে। সেই ব্যাখ্যা তিনি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে জানিয়েছেন। সরকারি সূত্রে তিনি জানতে পেরেছেন, সরকারি প্রক্রিয়া চলছে।

সাইয়েদ আবুল আলা মওদুদীর নেতৃত্বে ১৯৪১ সালে জামায়াত প্রতিষ্ঠার পর থেকে দলটি চারবার নিষিদ্ধ হয়। ১৯৫৯ ও ১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তানে এবং ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সংবিধান প্রতিষ্ঠার পর অন্য সব ধর্মভিত্তিক দলের সঙ্গে জামায়াতও নিষিদ্ধ হয়েছিল।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে প্রকাশ্য রাজনীতির সুযোগ পায় জামায়াতে ইসলামী। ওই সময়ের ইসলামী ছাত্রসংঘ নাম পরিবর্তন করে হয় ইসলামী ছাত্রশিবির।

জামায়াত সর্বশেষ নিষিদ্ধ হয় ১ আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। ২৭ দিনের মাথায় তাদের নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com