সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ রয়ে গেছে বুধবারও। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর ও তাদের হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কয়টি হল থেকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকে বিতাড়িত করেছে সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্রলীগের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ায় প্রতিটি হলেই মিছিল এবং মিষ্টি বিতরণের মাধ্যমে বিজয় উদযাপন করছেন কোটা আন্দোলনকারীরা।
এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না’, ‘শিক্ষা-ছাত্রলীগ, একসাথে চলে না’, ‘ছাত্রলীগ বিতাড়িত করো, সন্ত্রাসমুক্ত দেশ গড়ো’— এমন শ্লোগান দিতে দেখা যায়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ সর্বশেষ নিয়ন্ত্রণ হারায় সলিমুল্লাহ মুসলিম হল থেকে। এই হলের কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের রুম ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এ সময় নেতারা বের হয়ে যান।
Leave a Reply