এক দফা দাবিতে ‘জাতীয় ঐক্যের’ ডাক দিলো বিএনপি

সাতমাথা ডেস্ক:
    সময় : শনিবার, জুলাই ২৭, ২০২৪, ৯:১৫ পূর্বাহ্ণ
  • ৩৩১ Time View

সারা দেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রেক্ষাপটে সরকারের পতনের ন্যূনতম ‘এক দফা’ দাবিতে ‘জাতীয় ঐক্যের’ ডাক দিয়েছে বিএনপি। শুক্রবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি দেন।

‘অবৈধ, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ন্যূনতম এক দফা’ দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির। এ শিরোনামে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শিগগির সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ এবং জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশা আল্লাহ।’

মির্জা ফখরুল বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সব শরিক দল ও জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামি রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com