ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র-জার্মানি

সাতমাথা ডেস্ক:
    সময় : বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ
  • ২৭৯ Time View

ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননের হিজবুল্লাহকে মোকাবিলায় প্রস্তুত। লেবাননে হামলা চালানোর পরিকল্পনা অনুমোদিত হয়েছে এবং তা বৈধতা পেয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে তাদের দুই মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি।

যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও বিস্তৃত হলে তার ফল নিয়ে তারা উদ্বিগ্ন।
লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোর কাছে আবেদন জানিয়েছে, তারাও যেন একইভাবে লেবাননের পাশে দাঁড়ায়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, ‘যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে অন্তত ৩৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এর পর থেকে ইরান–সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের নিয়মিত সংঘাত চলছে।

তুরস্ক যা বলেছে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে, তাহলে পুরো এলাকায় যুদ্ধ ছড়াবে। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর যুদ্ধ ছড়ানোর পরিকল্পনা বড় বিপর্যয় ডেকে আনবে। পশ্চিমা বিশ্ব যেভাবে ইসরায়েলকে সমর্থন করছে, সেটাও দুঃখজনক। লেবানন ও সে দেশের মানুষের পাশে দাঁড়াবে তুরস্ক। আমি ওই অঞ্চলের সব দেশের কাছে আবেদন করছি, তারাও যেন লেবাননের পাশে দাঁড়ায়।’

যুক্তরাষ্ট্র ও জার্মানি সতর্ক করল

গতকাল জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন, আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা অভাবনীয়ভাবে বেড়ে যাওয়া।

বেয়ারবক মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের নেতাদের সঙ্গে দেখাও করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে। তিনি বলেছেন, ‘এই যুদ্ধ যাতে না হয়, সেটা আমাদের দেখতে হবে। এখনই দুই দেশের মধ্যে আক্রমণ বাড়ছে। দুই দেশের মানুষের বড় অংশ যুদ্ধ চান না।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, ‘ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে। কূটনৈতিক পথেই এই উত্তেজনা কমাতে হবে।’

জার্মান নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় সব জার্মান নাগরিককে লেবানন ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেছে। গতকাল বুধবার তারা জানিয়েছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা বাড়ছে। পশ্চিমা দেশগুলোর নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণের আশঙ্কাও বাড়ছে। তাই মন্ত্রণালয় সব জার্মান নাগরিককে সতর্ক করে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com