আজ ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম

সাতমাথা ডেস্ক:
    সময় : শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪, ৭:৪৯ পূর্বাহ্ণ
  • ২৪৪ Time View

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম আজ শুক্রবার ঢাকা আসছেন। প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। এটি বর্তমান সরকারের সময়ে কোনো বিদেশী সরকার প্রধানের প্রথম বাংলাদেশ সফর হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। সফরে তার মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে থাকবেন।

সফরকালে আনোয়ার ইব্রাহীম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি প্রেরণ, উচ্চশিক্ষায় সহযোগিতা, ব্যবসা ও বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলো গুরুত্ব পাবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ৫৮ সদস্যের প্রতিনিধি দলে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্মবিষয়ক উপমন্ত্রী, দুজন সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাসহ আরো কয়েকজন প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের অব্যবহিত পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গত ১৩ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেলিফোনে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে তিনি নবগঠিত সরকারকে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। কূটনৈতিকভাবেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আগামী শুক্রবার বাংলাদেশে সরকারি সফরে আসছেন। তিনি ব্যক্তিগতভাবে অধ্যাপক ইউনূসের খুবই কাছের মানুষ।

তিনি বলেন, মালয়েশিয়া আগামী বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সভাপতি হিসেবে দায়িত্ব নেবে। ঢাকা সফরের সময় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতা চাওয়া হবে। এ ছাড়া আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আসিয়ানে বাংলাদেশের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার বিষয়টি বিশেষভাবে উত্থাপন করা হবে। এই সফরটি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্কের গভীরতা ও স্থায়ী বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসেবে পরিগণিত হবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com