সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি

সাতমাথা ডেস্ক :
    সময় : বুধবার, জুন ১৯, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ
  • ৪২২ Time View

ব্যাপক বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সিলেট এবং সুনামগঞ্জের বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। ফলে দুই জেলা শহরের কোথাও কোথাও সড়ক এখন হাঁটু থেকে কোমর সমান পানির নীচে। উভয় জেলায় সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সুরমাসহ দুই জেলার নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বায়াত্তর ঘণ্টা ভারী বর্ষণ, বজ্রপাত ও ঝড় বয়ে যেতে পারে ওই অঞ্চলের ওপর দিয়ে।

আবার সুনামগঞ্জের ছাতকের নিকটবর্তী ভারতের চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টির ঢলের কারণে আরও পানি বাড়ার আশংকা করা হচ্ছে।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান  জানান, পুরো জেলার ৮০ ভাগ এলাকা এখন বন্যা কবলিত এবং অব্যাহতভাবে বৃষ্টি হওয়ায় পানি আরও বাড়ার আশংকা আছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারজানান , বেলা ১২টা নাগাদ সুরমা নদীর পানি বিপদসীমার ৪২ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।“শহরের সব জায়গায় এখন পানি। কাল থেকে পানি একটু কমছিলো। কিন্তু আজ সকাল থেকে আবার বৃষ্টিপাত শুরু হওয়ায় পানি বাড়ছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আরও ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে,” বলছিলেন তিনি।

সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান জানিয়েছেন, সদর উপজেলায় সবগুলো ইউনিয়ন পানি কবলিত।

পাশাপাশি ছাতক ও দোয়ারাবাজারসহ অন্য উপজেলাগুলোতেও পানি বেড়েই চলেছে বলে জানিয়েছে প্রশাসন।

ওদিকে, ভারতের আবহাওয়া বিজ্ঞান দফতর জানিয়েছে, দেশটির অরুণাচল, আসাম এবং মেঘালয়ে আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আসামের বাংলাদেশ লাগোয়া এলাকাগুলোতে লাগাতার বৃষ্টি ও বন্যার পানি বাড়ছে। ভারতের করিমগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে।

সিলেট সিটি কর্পোরেশন এলাকাটি সুরমা নদীর তীরে। এখন নদীর পানি তীর ছুঁই ছুঁই করছে। আবার উপশহরসহ কিছু এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানির কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বিবিসি বাংলাকে বলছেন, পুরো জেলায় ইতিমধ্যে ১৯ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

“গতকাল থেকে অঝড় ধারায় বৃষ্টি হয়েছে। কিছু এলাকা বাদ দিলে পুরো জেলা প্লাবিত। উঁচু রাস্তাঘাট ছাড়া সব জায়গায় পানি। জেলার আট লাখ মানুষ এখন বন্যা আক্রান্ত,” বলছিলেন তিনি।

জেলা প্রশাসক মি. হাসান বলছিলেন, “আজ আবার বৃষ্টি শুরু হওয়ায় অনেক এলাকায় পানি বেড়েছে। মূলত বৃষ্টি বন্ধ হলে কয়েক ঘণ্টায় পানি কমে যায়। কিন্তু বৃষ্টি হলেই বাড়ে। এখন অব্যাহত বৃষ্টি হচ্ছে।”

এদিকে, সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসাইন বলেন, সিলেটে বুধবার ভোর ছয়টা পর্যন্ত একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

“এরপর নয়টা পর্যন্ত আরও ৫৫ মি.মি. এবং বেলা ১২টা পর্যন্ত ২৭ মি.মি. বৃষ্টি হয়েছে। আরও কয়েকদিন এমন অবস্থা থাকতে পারে।”

বন্যায় সবচেয়ে বিপর্যস্ত জেলার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলছেন ওই উপজেলার সবগুলো ইউনিয়ন এখন বন্যা কবলিত।

তিনি বলেছেন, “পানি এখনো ওঠানামা করছে। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার পর কিছুটা কম দেখা যাচ্ছিলো। কিন্তু আজ সকাল ১০টার পর থেকে পানি আবার বাড়তে শুরু করেছে। সীমান্তবর্তী ভারতের চেরাপুঞ্জির বৃষ্টির পানির ঢল নেমে আসছে।”

সাংবাদিক নয়ন সরকার জানিয়েছেন যে শহরের তালতলা, সোবহানিঘাট, উপশহর, জামতলা, মদীনা মার্কেট- এসব এলাকায় কোথায় কোমর সমান আবার কোথাও হাঁটু সমান পানি। ওদিকে, সুরমা নদীর পানি সিলেট, সুনামগঞ্জ শহর ও দিরাই উপজেলায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও শেরপুরে কুশিয়ারা নদীর পানি এবং গোয়াইনঘাট গোয়াইন নদীর পানিও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলার সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করছে গোয়াইনঘাটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলেন, সেখানকার ১৩টি ইউনিয়নের সবকটিই বন্যা প্লাবিত এবং পানিবন্দী হয়ে পড়েছে এক লাখ ২৫ হাজারের বেশি মানুষ।

“দেড় হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছে। সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হচ্ছে। শুকনো ও রান্না করা খাবার দেয়া হচ্ছে। প্রতি ওয়ার্ডে ও গ্রামে কুইক রেসপন্স টিম কাজ করছে। ৫২ টি নৌকা উদ্ধার তৎপরতায় ব্যবহৃত হচ্ছে,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

তিনি বলেন সীমান্তবর্তী চেরাপুঞ্জির বৃষ্টির পানির ঢল আসায় আজ সকাল ১০টার পর থেকে পানি আবার বাড়তে শুরু করেছে।

এদিকে, সিলেটে আজ সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com