শেরপুর উপজেলা নির্বাচনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
    সময় : শুক্রবার, মে ১০, ২০২৪, ৩:৩৩ পূর্বাহ্ণ
  • ৫৩০ Time View

আগামি ৫জুন অনুষ্ঠিতব্য বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন।

বৃহস্পতিবার (০৯মে) সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা অনলাইনে এবং স্বশরীরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সুমন জিহাদীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজামাল সিরাজী, যুবলীগের নেতা জনবন্ধু এমএ হান্নান, বগুড়া জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি জাকারিয়া তারেক বিদ্যুৎ ও মোঃ রুবেল আহমেদ। আর ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি, গাড়ীদহ পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কিরণ, শেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি রনি সরকার, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন ও বিধান কুমার ঘোষ মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিল্পী বেগম, কৃষকলীগের নেত্রী মর্জিনা বিবি, স্থানীয় উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ফিরোজা খাতুন, ফাতেমা খাতুন ও শিখা খাতুন মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন কর্মকর্তা আরো জানান, এই উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে মোট ১৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৯৬৯জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৩ হাজার ৮৫৪ জন এবং মাহিলা ভোটার ১ লাখ ৪৯হাজার ১১৫জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১০৭টি। ভোট কক্ষের সংখ্যা ৮০০। এরমধ্যে স্থায়ী ৬৭৭ ও অস্থায়ী ভোট কক্ষ ১২৩টি। উল্লেখ্য: নির্বাচনী তফসীল অনুযায়ী, ১২মে মনোনয়নপত্র বাছাই, ১৩-১৫ মে আপিল দায়ের, ১৬-১৮ মে আপিল নিস্পত্তি, ১৯ মে প্রার্থীতা প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্দ এবং ৫জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com