বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আম্পায়ার বাংলাদেশের সৈকত

স্পোর্টস ডেস্ক:
    সময় : বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪, ৫:০২ পূর্বাহ্ণ
  • ৪৫৪ Time View

বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার আরেকটি প্রথমের সঙ্গে জড়িয়ে যাচ্ছে শরফুদ্দৌলার নাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠের আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে ৪৭ বছর বয়সী শরফুদ্দৌলাকে। তাঁর সঙ্গী হিসাবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। আজ আইসিসি তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময় আগামী ২ জুন সকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী কানাডা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া সেই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে শরফুদ্দৌলাই হবেন প্রথম বাংলাদেশি, যিনি ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন।

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ৫ ম্যাচে আম্পায়ারিং করেছেন শরফুদ্দৌলা। এ ছাড়া মেয়েদের দুটি ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই দায়িত্বে দেখা গেছে তাঁকে।

যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচে মাঠের আম্পায়ারিংয়ের দায়িত্ব পাওয়া আরেকজন রিচার্ড ইলিংওয়ার্থ তিনবার আইসিসি বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন। গত বছর আহমেদাবাদে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেও মাঠের আম্পায়ার ছিলেন ৬০ বছর বয়সী ইলিংওয়ার্থ।

আইসিসি জানিয়েছে, উদ্বোধনী ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি রিচি রিচার্ডসন, টিভি (তৃতীয়) আম্পায়ার থাকবেন স্যাম নোগাইস্কি এবং চতুর্থ আম্পায়ার হিসাবে দেখা যাবে জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরেকে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন যাঁরা

আম্পায়ার : শরফুদ্দৌলা ইবনে শহীদ, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, স্যাম নোগাইস্কি, রিচার্ড ইলিংওয়ার্থ, ল্যাংটন রুসেরে, মাইকেল গফ, ক্রিস গ্যাফানি, আদ্রিয়ান হোল্ডস্টক, আল্লাহুদ্দিন পালেকার, রিচার্ড কেটেলবরো, জয়ারামান মদনগোপাল, নিতিন মেনন, আহসান রাজা, রশিদ রিয়াজ, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন, পল রাইফেল ও আসিফ ইয়াকুব।

ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com