এক সঙ্গে ৯ যুবকের জানাজা : শোকে স্তব্ধ মান্দা

Reporter Name
    সময় : শুক্রবার, মে ২৯, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
  • ১৫৯ Time View

মান্দা (নওগাঁ) থেকে এম এ মতিন : ঈদের আনন্দ ভাগাভাগি করে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো নওগাঁর মান্দা উপজেলার ৯ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। একসঙ্গে এতগুলো তরুণ প্রাণের অকাল বিদায়ে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে মান্দার আকাশ বাতাস।

মঙ্গলবার  সকাল সাড়ে ১০টায় উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ছয়জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (২৫ মে) রাত ১০টার দিকে একই ইউনিয়নের আরও তিনজনের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেওয়ায় জানাজায় অংশ নেওয়া হাজারো মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। দূর-দূরান্ত থেকেও অসংখ্য মানুষ ছুটে আসেন শেষবারের মতো প্রিয় মুখগুলোকে দেখতে। পুরো এলাকায় তখন এক নীরব, ভারী শোকের পরিবেশ।

জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নওগাঁ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব, উপজেলা বিএনপি’র সভাপতি এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, এবং কুসুম্বা শাহী মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ,সহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

রাজেন্দ্রবাটি গ্রামে অনুষ্ঠিত জানাজায় যাদের বিদায় জানানো হয় তারা হলেন— মোহাম্মদ তারেক, আব্দুল বারেক, মোহাম্মদ বাদশা, সোহাগ, রবিউল ও সাগর।

এর আগে সোমবার রাতে মুর্শিদপুর গ্রামের মইনুর ইসলাম এবং পাকুড়িয়া গ্রামের দুই ভাই মাইনুল ও গিয়াসের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, একই ইউনিয়নের ৯ যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো ভারশোঁ ইউনিয়ন এখন শোকে স্তব্ধ। উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।

জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব পাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে মোট ১৫ জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
দাফনের আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারের হাতে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এই শোকাবহ ঘটনায় পুরো এলাকা যেন থমকে গেছে—একসঙ্গে ৯ তরুণের বিদায়ে ভারশোঁ ইউনিয়নের আকাশ বাতাস আজ কান্নায় ভারী হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com