বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত নওগাঁর ধামইরহাটের বায়জিদ বোস্তামীর (২৬) পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত।
সোমবার ধামইরহাট উপজেলা জামায়াতের আয়োজনে আর্থিক সহায়তা ও দোয়া অনুষ্ঠানে শহীদ পরিবারের মাঝে ২য় দফায় ১ লাখ টাকা সহায়তা প্রদান করে আজীবন তাদের পাশে থাকার ঘোষণা দেন নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।
এর আগে গত ৭ ই আগষ্ট ১ম দফায় ১ লাখ টাকা শহীদ পরিবারের মাঝে প্রদান করে জেলা জামায়াত। প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এনামুল হক বায়জিদ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শহীদ বায়জিদের আত্মত্যাগকে প্রেরণা হিসেবে নিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি রেজোয়ানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন জেলা নায়েবে আমির ও পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, সেক্রেটারি নাজিমুল ইসলাম, সহঃ সেক্রেটারি মারুফ আহমেদ,কর্ম পরিষদ সদস্য অধ্যাপক একেএম ফজলুর রহমান, আব্দুল মকিম , জেলা শুরা সদস্য আখতার ফারুক জেলা ছাত্র শিবির সভাপতি আব্দুর রাকিব, ধামইরহাট উপজেলা নায়েবে আমির মাওঃ আতাউর রহমানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
জানা যায়, গত ৫ই আগষ্ট আশুলিয়া থানা পুলিশ ছাত্র-জনতার আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বায়জিদ বোস্তামী; লাশ গুমের অপচেষ্টার অংশ হিসেবে সাম্প্রতিক ভাইরাল হওয়া আশুলিয়ায় লাশের স্তূপে আগুন দেয়ার ভিডিওতে বায়জিদ বোস্তামীর লাশ ছিল বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন। পকেটে পরিচয় পত্র থাকায় পরিচয় নিশ্চিত করে বায়েজিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। বায়জিদ বোস্তামী উত্তরা আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করে আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করতেন, তিনি বিবাহিত এবং ৬ মাস বয়সী শিশু পুত্রের জনক। এতিম শিশু এবং হতদরিদ্র পরিবারের পাশে থাকায় জামায়াতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শহীদ পরিবার।
Leave a Reply