যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে এ ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প। তবে তা গুরুতর নয়।
সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোলডিঞ্জার।
হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় হঠাৎ গুলি শব্দ হয়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। এ সময় তাঁর সমর্থকদের চিৎকার করতে শোনা যায়।
এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। ওই গাড়িতে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ট্রাম্পের প্রচার শিবির বলেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্টকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁর আঘাত গুরুতর নয়।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তাঁর হাতে একটি রাইফেল ছিল।
এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।
বাইডেন আরও বলেছেন, হামলা সম্পর্কে তাঁকে বিস্তারিত জানানো হয়েছে। শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলে তাঁর খোঁজখবর নিতে পারবেন বলে আশা করছেন। তিনি বলেন, ‘আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না।’
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি তাঁদের ধন্যবাদ দেন।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ‘এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এ রকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন।’ পোস্টের শেষে ট্রাম্প বলেন, ‘ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন!’
গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে বলেও ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ‘হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।’
ট্রাম্প বলেন, ‘নির্বাচনী প্রচারে গুলিতে যিনি নিহত হয়েছেন, তাঁর পরিবারকে আমি সমবেদনা জানাই। গুরুতর আহত আরেকজনের পরিবারের প্রতিও আমি সমবেদনা জানাই।’
হামলার ঘটনার পর বিবৃতি দিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইভাঙ্কা তাঁর বাবা ও হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি ভালোবাসা ও প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
ওই পোস্টে দ্রুত পদক্ষেপ নেওয়ায় ইভাঙ্কা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব। বাবা তোমাকে ভালোবাসি, আজ এবং সব সময়।’
Leave a Reply