ঘোড়াঘাটে ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ১ আহত ৭

আজিজার রহমান , ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি :
    সময় : বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪, ৫:১২ অপরাহ্ণ
  • ২৬১ Time View

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও গরু বোঝাই ভটভটির সংঘর্ষে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুর রশিদ (৬০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহত ব্যক্তি হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর গ্রামের মৃত আব্দুলের ছেলে আব্দুর রশিদ (৬০)।

আহতদের মধ্যে ৩ জন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে এবং অপর ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন আজিজুল হক (৬০), লেবু মিয়া (৩০), তাছির (৬০), জোব্বার মিয়া (৩৫), আবেদ আলী (৫৫), তারিফ (৪৫), এবং আমিরুল মিয়া (৬০)। আহত সকলেই গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা গেছে, ১১ জুলাই ( বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রাণীগঞ্জ সরকারি ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গাইবান্দার গোবিন্দগঞ্জ থেকে গরু নিয়ে কিছু ব্যবসায়ী ভটভটি যোগে রাণীগঞ্জ গরুর হাটে আসার পথে ওই স্থানে পৌঁছিলে দিনাজপুর গামী একটি মিনি ট্রাক (যার নং-ঢাকা মেট্রো ২১-৬১৪০) পিছন থেকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ বাধে। এতে ভটভটিতে থাকা গরু ব্যবসায়ীরা ছিটকে রাস্তার উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্বার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. তাজকিয়া জানান, আহতদের মধ্যে আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত ৩ জনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি মো: আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। গরুসহ ভটভটি ও ট্রাক থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের পক্ষ থেকে আহতদের সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com