বগুড়ার শিবগঞ্জে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জরিপ ফকির নামের এক আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক এ বহিষ্কার আদেশ দেন।
বহিস্কৃত জরিপ ফকির পিরব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রবিবার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, জরিপ ফকিরের বিরুদ্ধে মাদক কারবারি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড পরিচালনার সুষ্পষ্ট অভিযোগ থাকায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে রবিবার বিকালে মুঠোফোনে জরিপ ফকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার পক্ষে কাজ না করে অন্য প্রার্থীর পক্ষে কাজ করায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি কখনও মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলাম না।
Leave a Reply