বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ৯ জন আহত

Reporter Name
    সময় : বুধবার, মার্চ ১৮, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
  • ২৬৮ Time View

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) ও ড্রাইভার রিন্টু (৪৭)। আহতরা হলেন শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭), হামিম (৩০)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্র জানায়, ঢাকাথেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ছোনকা এলাকায় পৌঁছালে ডিভাইডারে ওঠার পর হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিকট শব্দের সঙ্গে সঙ্গেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল না। এতে ঘটনাস্থলেই চালক আগুনে পুড়ে মারা যান।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা গুরুতর ছিল। শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মর্তুজা নূর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com