দিনাজপুর গোর এ শহিদ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ২৫ জানুয়ারি আগমনকে কেন্দ্র করে পার্বতীপুর উপজেলা জামায়াতের উদ্যোগে আজ শনিবার ১৮ জানুয়ারি এক বিশাল মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়। শোডাউনটি উপজেলা নায়েবে আমীর রেজাউর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহ-সভাপতি এবং পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মোটরসাইকেল শোভাযাত্রাটি সকাল ৯ টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে বেলাইচণ্ডি, মন্মথপুর, মোমিনপুর, চণ্ডিপুর, মোস্তফাপুর, হাবড়া, রামপুর, হামিপুর, হরিরামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় আট শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে।
বাস টার্মিনালে ফিরে প্রধান অতিথি আনোয়ার হোসেন বলেন, “২৫ জানুয়ারি দিনাজপুরে মানুষের জনসমুদ্রে পরিণত হবে, ইনশাআল্লাহ।” তিনি সবাইকে ঐদিন দিনাজপুর গোর এ শহিদ ময়দানে উপস্থিত থাকার আহ্বান জানান।
উপজেলা নায়েবে আমীর রেজাউর রহমান মোল্লা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে এবং ২৫ জানুয়ারি দিনাজপুরের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শোডাউনের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে।
Leave a Reply