দিনাজপুরের পার্বতীপুর থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনযোগে পঞ্চগড়ে মাদক দ্রব্য আনার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে ২০ বোতল ফেনসিডিলসহ আবু সিয়াম (১৮) নামে এক তরুণ আটক হয়েছে। এ ঘটনায় স্টেশন এলাকাজুড়ে চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করতে দেখা গেছে।তবে আটক তরুণের দাবি দুই হাজার টাকার বিনিময়ে ফেনসিডিলগুলো বহন করছিলেন তিনি।
রবিবার (১০ নভেম্বর) সকালে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন যোগে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আসার পর সন্দেহভাজনভাবে ঘোরার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয় সে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি ঘটনাস্থলে গেলে মাদকের পরিমাণ বেশি হওয়ায় এবং মোবাইল কোর্টের আওতায় না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিয়মিত মামলা রুজু করতে তাকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়।
আটক আবু সিয়াম ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী থানার সনগাঁও পৌকান পুর গ্রামের জিন্নাত আলীর ছেলে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির উপপরিদর্শক মাহিদুল ইসলাম সময় সংবাদকে বলেন, সকাল ৮টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ে আসে। এরপর ওই তরুণ ট্রেন থেকে নেমে সন্দেহভাজনভাবে স্টেশনে ঘোরাফেরা করছিল। এদিকে চলাফেরা সন্দেহভাজন হওয়ায় আমাদের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
এদিকে পূর্বের এক গোপন সংবাদের তথ্য মতে, তাকে তল্লাশি চালানো হলে তার সঙ্গে থাকা একটি ব্যাগে ফেনসিডিলগুলো পাওয়া যায়। একই সঙ্গে দীর্ঘ জিজ্ঞাসাবাদসহ দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য পঞ্চগড় জেলা প্রশাসনকে খবর দেয়া হয়।
আটক তরুণ সিয়াম বলেন, ‘আমি পার্বতীপুর থেকে ট্রেনে আসার সময় অন্তর নামে এক ব্যক্তি ঠাকুরগাঁও আসার পর একটি ব্যাগ দিয়ে বলেন যে পঞ্চগড়ে গিয়ে নেমে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে ব্যাগটি তুলে দিবা। এ কাজে ২ হাজার টাকা দেয়া হবে। তাই ব্যাগটি নিয়ে স্টেশনে নামলে আমাকে ধরে ফেলে।’
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। তবে ভ্রাম্যমাণ আদালতের নিয়মের থেকে মাদকের পরিমাণ বেশি হওয়ায় এবং মোবাইল কোর্টের আওতায় না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিয়মিত মামলা রুজু করতে তাকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হবে।’
Leave a Reply