আসছেন তামিম ইকবাল ও মোহাম্মাদ আশরাফুল
আগামীকাল রোববার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্ণামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন। সকাল সাড়ে ১১টায় জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল, তামিম ইকবাল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম টুর্ণামেেন্টর উদ্বোধন করবেন। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের একজন প্রতিনিধি উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন। উদ্বোধনী খেলায় সবুজ দল ও লাল অংশ গ্রহন করবে।
আজ (শনিবার) বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু জানান, সারাদেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্ণামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি ফরমেটের এই টুর্ণামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মাঝে জিয়া ক্রিকেট টুর্ণামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল, টুর্ণামেন্টের উপদেষ্টা মীর শাহে আলম, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সবুজ দলের টীম লিডার শাহীন শওকত, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও লাল দলের টীম লিডার রেজাউল করিম বাদশাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান আকর্ষনীয় করতে খেলা শুরুর পূর্বে কিশোরীরা ডিসপ্লে প্রদর্শন করবে। শনিবার বিকেল ডিসপ্লের অনুশীলন হয় চান্দু স্টেডিয়ামে।
দর্শকরা বিনা টিকিটে খেলা উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন লাল দলের টীম লিডার ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
Leave a Reply