ষ্টাফ রিপোর্টার : গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। একই দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটকে অস্বীকার করে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে।
তিনি বলেন, আমরা বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। বারবার প্রতিবাদ করার পরও তারা এতে কর্ণপাত করছে না।
তিনি আরও বলেন, এ কারণেই আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা ঢাকা-রংপুর লংমার্চ ঘোষণা করেছি। আমরা আশা করছি, জনগণ রাস্তায় নেমে আসলে সরকার রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করবে।
এটি এম আজহারুল ইসলাম তার প্রেস ব্রিফিং এ আরো বলেন, আমরা জানি ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের অর্থ পাচার,লুটপাট,দলীয় করণ,গুম,খুন বিচারিক হত্যাসহ সকল ধরনের অপকর্মের মাধ্যমে আমাদের এদেশকে ধ্বংস স্তুপে পরিনত করেছে। কিন্তু এখন কি হচ্ছে? পরিবর্তনের জন্য নির্বাচিত সরকার কি করছে? তারাও একই পথে হাটছে। চাঁদাবাজি, ব্যবসা- বানিজ্যের সিন্ডিকেটের প্রভাব ,হত্যা,ধর্ষন ও দলীয় করণের মধ্য দিয়ে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে জনগণের জীবন-যাত্রায় নাভিশ্বাস। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কোন সুষ্ঠ সমাধানের পথে সরকার হাটছে না।
কুরআনের হেবা আইন পরিবর্তনের মাধ্যমে ইসলামপ্রিয় জনতার হৃদয়ে আঘাত হানা হয়েছে। এই সকল কারণে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য সংসদের ভিতরে বাইরে আন্দোলনে নেমেছে। আমরা আশা করছি সরকারের টনক নড়বে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় হুইপ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বগুড়া অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির আবিদুর রহমান সোহেল, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক নাটোর জেলা আমির মীর নুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজগঞ্জ জেলা আমির মুফতি আব্দুর রউফ, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, এনসিপি সিরাজগঞ্জ জেলা শাখার সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, বগুড়া মহানগর শিবিরের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সহ জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ শহর ও জেলা শাখার নেতৃবৃন্দ।
প্রেস ব্রিফিং এ সাংবাদিকসহ উত্তরাঞ্চলের সাধারণ জনগণর নিকট ঢাকা টু রংপুর লংমার্চ সফল করতে সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply