বগুড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ : প্রতিকার না পেলে আন্দোলন

Reporter Name
    সময় : বুধবার, নভেম্বর ১১, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
  • ৪২ Time View

এফ শাহজাহান :
বগুড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আমিনুল ইসলামের বিরুদ্ধে এক ডজনেরও বেশি দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। অধ্যক্ষের যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে ওঠা এসব অনিয়মের পরিমান দিন দিন বেড়েই চলেছে। এসবের প্রতিকার না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকগন ক্ষিপ্ত হয়ে উঠেছেন। অবশেষে তারা অধ্যক্ষের চলমান দুর্নীতি অনিয়মের প্রতিকার চেয়ে প্রতিষ্ঠানের সভাপতি বগুড়া জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাতেও সমাধান না হলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অভিভাবকদের সাথে কোন মত বিনিময় না করেই এবছর হঠাৎ করে শিক্ষার্থীদের জন্য শীতকালীন পোশাক সোয়েটার বাদ দিয়েছেন। এর পরিবর্তে প্রতিষ্ঠান থেকে তৈরি ব্লেজার চড়া দামে কিনতে বাধ্য করেছেন। এধরনের সিদ্ধান্তে অভিভাকরা হতচকিত হয়ে পড়েছেন। কারণ, বিয়ামের অন্য কোন শাখায়, এমনকি রাজধানী ঢাকাতেও শিক্ষার্থীদের শীতকালীন পোশাক সোয়েটার বাদ দিয়ে ব্লেজার কিনতে বাধ্য করার নজির নেই।

ব্লেজারের টাকা শিক্ষার্থীদের এডমিশন এবং রি এডমিশনের টাকার সাথে বাধ্যতামূলকভাবে আদায় করা হলেও অনেকে এখন পর্যন্ত ব্লেজার পায়নি। শীত পেরিয়ে গেলেও ব্লেজারের খবর নেই। গরমকালে শিক্ষার্থীরা ব্লেজার নিয়ে কি করবে, তাও বুঝতে পারছেন না শিক্ষার্থী এবং অভিভাবকরা।
ব্লেজার যেহেতু ফিটিং পোশাক, শিক্ষার্থীদের বাড়ন্ত শরীরে আগামী বছর এটা পরাও যাবে না। তখন আবারো কিনতে হবে। এভাবে প্রতিবছর ব্লেজার কেনা সব অভিভাকের পক্ষে সম্ভবও নয়। এছাড়াও ব্লেজার একটি অফিশিয়াল পোশাক, যা শিক্ষার্থীদের খেলাধুলাসহ অন্যান্য মুভমেন্টের সময় কোন অবস্থাতেই মানানসই নয়। ব্লেজার পরে স্কুল ব্যাগ ঘাড়ে নিয়ে চলাও দৃষ্টিকটু। বিষয়টি শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়ে প্রতিষ্ঠান মূলত শিক্ষার্থীদের কাছ থেকে লাক্ষ লাক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ব্যবসা শুরু করেছে।

বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মনোগ্রামে লেখা ছিল “The toughest task of a human is to humanise ” লেখা ছিল। সেটা বিকৃত হয়ে ব্লেজারের মনোগ্রামে “ The toughest task of a human is to humasise” লেখা শোভা পাচ্ছে এবং শিক্ষার্থীরা তা বয়ে বেড়াচ্ছে। humanise এর জায়গায় উদ্ভট একটা শব্দ humasise লেখা যুক্ত মনোগ্রামের মাধ্যমে অধ্যক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণের বিষয়টি সচেতন অভিভাবক মহলকে ভাবিয়ে তুলেছে।

প্রতিষ্ঠান থেকে এ বছর শিক্ষার্থীদের যে ব্যাগটি কিনতে বাধ্য করা হয়েছে, তা অত্যন্ত নিম্নমানের ছোট এবং উদ্ভট রঙের। যা কোনভাবেই শিক্ষার্থীদের ইউনিফর্মের সঙ্গে মানায় না। এটা নিয়ে শিক্ষার্থীরা বিব্রতকর অবস্থায় পড়েছে।

সম্প্রতি বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সাইন্স ল্যাব তিন তলা থেকে সরিয়ে ছাদের উপরে নিয়ে যাওয়া হয়েছে। যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটা কেনো করা হয়েছে তারও যুক্তিসঙ্গত কোন কারণ দেখতে পাচ্ছেন না শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রতিষ্টানের বুক লিস্টের মাধ্যমে শিক্ষার্থীদেরকে একটি নির্দিষ্ট প্রকাশনীর বই কিনতে বাধ্য করা হয়েছে। গত বছর শিক্ষার্থীরা অক্ষর প্রকাশনীর বই কিনতে বাধ্য হয়েছিল। এবার বাধ্য হয়েছে লেকচার প্রকাশনীর বই কিনতে। এসব পাবলিকেশনের সাথে প্রতিষ্ঠান প্রধানদের বড় অংকের লেনদেন হয় এটা সকলেরই জানা। বগুড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ইতোপূর্বে কখনোই এভাবে নির্দিষ্ট প্রকাশনীর বই কিনতে বাধ্য করা হতো না। বিষয়টি অজানা কারণে প্রশাসনের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে, যা অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি করেছে।

বার্ষিক পরীক্ষায় পাশ করার পর পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার জন্য রি এডমিশন ফি জমা দেওয়ার সময়সীমা পরিকল্পিতভাবে মাত্র দুই থেকে তিন দিন রাখা হয়। লেট ফি দিয়ে একদিন ভর্তির সুযোগ দেওয়া হয়। ব্যর্থ হলে পুন:ভর্তির বিষয়ে অভিভাবকদের কোন অনুরোধ না শুনে অনেক শিক্ষার্থীকে অমানবিকভাবে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।

বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত তারিখে পরীক্ষার ফি পরিশোধ করতে ব্যর্থ হলেও অমানবিকভাবে কোমলমতি শিক্ষার্থীদেরকে সবার সামনে পরীক্ষার কক্ষ থেকে বের করে দেওয়া হয়। যেটা কোন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কেউ আশা করেন না।
অষ্টম থেকে নবম শ্রেণীতে ওঠার সময় সাইন্স আর্টস দেওয়ার ক্ষেত্রে একটি মানদন্ড নির্ধারণ করা হলেও সবার ক্ষেত্রে তা মানা হয় না। এ গুলোর সমাধান আসে ভিন্ন পথে। যে পথে নামা সব অভিভাবকের পক্ষে সম্ভব হয় না। তখন নিরুপায় হয়ে অনিচ্ছা সত্ত্বেও কলেজের সিদ্ধান্ত মেনে নিয়ে শিক্ষার্থীরা আজীবনের জন্য অনুশোচনায় ভোগে।

বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের গণিতের বেশ কিছু শিক্ষকের হাতে শিক্ষার্থীরা একবারে জিম্মি হয়ে রয়েছে। নানাভাবে বলেও এর কোন প্রতিকার পাওয়া যায়নি। কিছুদিন থেকে আবার প্রতিষ্ঠানের অফিসিয়াল পেজসহ শিক্ষার্থীদের গ্রুপে উদ্ভট নম্বর বন্টনের নির্দেশনা জানিয়ে দেওয়া হচ্ছে। যা সরকারি নির্দেশনাতেও নেই আবার পার্শ্ববর্তী বিয়াম মডেল স্কুল ও কলেজেও নেই। এই খেয়াল খুশি মতো নম্বর বন্টন শিক্ষার্থীদেরকে শিক্ষকের হাতে জিম্মি করে ফেলবে বলে অভিভাবকরা আশঙ্কা করছেন।

বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ভর্তি করে নেওয়ার সময় ভর্তি পরীক্ষায় কৃতকার্য দেখিয়েই শিক্ষার্থীদের ভর্তি করে নেওয়া হয় । অথচ বৎসর যেতে না যেতেই সেই শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে অকৃতকার্য দেখিয়ে স্কুল ছাড়তে বাধ্য করা হয় এবং সেই আসন শূন্য দেখিয়ে নতুন করে আবার ভর্তি বাণিজ্য চালানো হয়।

অভিভাবকদের লিখিত অভিযোগে আেেরা বলা হয়েছে,প্রতিদিন স্কুল শুরুর সময় কখনোই অধ্যক্ষ এবং দায়িত্বপ্রাপ্ত নতুন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ কে প্রতিষ্ঠানে পাওয়া যায় না। দুপুরের দিকে অধ্যক্ষকে পাওয়া গেলেও অধ্যক্ষের সাথে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়
অভিভাবকদের স্বাক্ষরিত ঐ অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়েছে যে,বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সচরাচর অভিভাবকদের ফোন রিসিভ করেন না। বলা হয় তিনি অপরিচিত কোন নম্বর রিসিভ করেন না। শিক্ষার্থীর বাবা-মা অথবা আইনগত অভিভাবক কি করে একজন প্রিন্সিপালের কাছে অপরিচিত হন তা অভিভাবকদের বোধগম্য নয়।

উল্লেখিত বিষয়গুলোর মধ্যে বেশ কিছু বিষয়ে মৌখিকভাবে এর আগের সভাপতি এবং জেলা প্রশাসককে একাধিকবার জানানো হলেও দুখজনকভাবে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অভিভাবকগণ হতাশ হয়ে পড়েছেন। ফলে অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা নিরুপায় হয়ে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের কথা ভাবছেন।

বিয়াম ফাউন্ডেশনের মহা পরিচালক, পরিচালক এবং বিয়াম ফাউন্ডেশন বগুড়ার আঞ্চলিক কেন্দ্রের পরিচালক বরাবরেও অভিভাবকদের স্বাক্ষরিত ঐ অভিযোগপত্রটির অনুলিপিও প্রদান করা হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ মো: আমিনুল ইসলাম জানান, অভিভাবকগন অভিযোগ জানাতেই পারেন। তবে আমি কোন অভিযোগ পাইনি। তাদের অভিযোগের বিষয় বিয়াম কর্তৃপক্ষ অবগত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

এবিষয়ে বিয়াম ফাউন্ডেশনের পরিচালক আলমগীর কবীর জানান, অভিভাবকগণের লিখিত অভিযোগসমূহ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে সমস্যাগুলোর সমাধান করা হবে।

উল্লখিত অভিযোগ সমূহের বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি,বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি অবগত হয়েছি। তিনি সংশ্লিষ্ট অভিভাবকগণকে ধৈর্য ধারণের আহবান জানিয়ে বলেন, এবিষয়ে বিভাগীয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com